আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চান প্রধানমন্ত্রী

আরো খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর করে বিতাড়িত রোহিঙ্গাদের তাদের জন্মভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে এবং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার  স্থানীয় সময় সকালে লটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব। ইউএনএইচসিআর হাইকমিশনারও এ বিষয়ে তার সঙ্গে একমত প্রকাশ করেছেন।
বৈঠক চলাকালে তারা বাংলাদেশের কক্সবাজার এবং ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ইউএনএইচসিআরের বর্তমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরে হোটেলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ এ খান কিউসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশে এবং আইসিসির মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী আইসিসির প্রসিকিউটরকে আশ্বাস দেন যে মিয়ানমারে ভুক্তভোগী রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আইসিসির চলমান সব প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে। খান আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরের ব্যাপারে তার আগ্রহ ব্যক্ত করেন।
এ ছাড়া জাতিসংঘ হ্যাবিটাটের নির্বাহী পরিচালক মায়মুনা মোহম্মদ শরীফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এখানে লটে নিউইয়র্ক প্যালেস হোটেলের কক্ষে দ্বিপাক্ষিক বৈঠকে তারা টেকসই নগরায়ণ এবং বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভূমিহীন এবং গৃহহীন মানুষের জন্য তার সরকারের গ্রহণ করা আশ্রয়ণ প্রকল্পের সফলতার ব্যাপারে তাদের জানান ।

সূত্র : বাসস

লোকিত প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর ,২০২২/ মওম

 

- Advertisement -
- Advertisement -