আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ, ঢাকায় বৃদ্ধির হার বেশি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ এবং নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এর আগে ২০১১ সালে জনসংখ্যা ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭।
২৭ জুলাই বুধবার জনশুমারি ও গৃহগণনা- ২০২২ এর প্রাথমিক তথ্যে একথা জানানো হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ তথ্য উপস্থাপন করেন ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্প পরিচালক দিলদার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। আরও উপস্থিত আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জনশুমারির তথ্য বলছে , এই জনসংখ্যার ১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন পল্লি এলাকায় থাকেন এবং ৫ কোটি ২০ লাখ ৯ হাজার ৭২ জন শহরে থাকেন। মোট জনসংখ্যার মধ্যে হিজড়া জনগোষ্ঠী মাত্র ১২ হাজার ৬২৯ জন। তাদের মধ্যে ৬ হাজার ২৮৩ জন পল্লি এলাকায় এবং ৬ হাজার ৩৪৬ জন শহরে বসবাস করেন। এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। প্রাথমিক তথ্যে বলা হয়, সর্বোচ্চ জনসংখ্যা ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন। সর্বনিম্ন বরিশাল সিটি করপোরেশনে ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জন) এবং রংপুর সিটি করপোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ (প্রতি বর্গ কিলোমিটারে ৩ হাজার ৪৪৪ জন)।

 জনসংখ্যা পরিবর্তনে তারতম্য দেখা গেলেও শতকরা হারে জনসংখ্যার বৃদ্ধি আগের শুমারি বছরের তুলনায়  হ্রাস পাচ্ছে। ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল যথাক্রমে ২.৮৪ শতাংশ, ২.০১ শতাংশ, ১.৫৮ শতাংশ, ১.৮৬ শতাংশ এবং ১.২২ শতাংশ। বিভাগভিত্তিক জনসংখ্যার বৃদ্ধির হার দেখা যায়, ২০২২ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকা বিভাগে সর্বোচ্চ (১.৭৪ শতাংশ) এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন (০.৭৯ শতাংশ)।

আলোকিত প্রতিদিন/ ২৭ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -