মনির হোসেন জীবন:
গাজীপুরের কোনাবাড়ীতে উড়ালসড়কের ওপর প্রাইভেট কার এবং মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী মরিচা গ্রামের আয়নাল হকের ছেলে রাজু আহমেদ (২৭), নীলফামারী সদর এলাকার মো. শাহিন (৩০) ও গাজীপুরের দেওয়ালিয়া বাড়ি এলাকার শামিম হোসেন (২৫)। এ ঘটনায় নিহত রাজুর মেয়ে রাইসা আক্তার (২) গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর ওই প্রাইভেট কারের আহত চালক আশরাফুল আলমকে আটক করেছে পুলিশ।
পুলিশ এবং এলাকার বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, আশরাফুল আলম প্রাইভেট কার চালিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে শাহিন, শামিম, রাজু ও রাজুর মেয়ে রাইসা আক্তার গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কোনাবাড়ী উড়ালসড়কের ওপর প্রাইভেট কার এবং মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা শাহিন ও রাজু উড়ালসড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। তখন শাহিন, শামিম ও রাজু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয় একই মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসা আক্তার।
আশপাশের লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহিন, শামিম ও রাজুকে মৃত ঘোষণা করেন। আহত রাইসাকে ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পংগু হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায় কোনাবাড়ি কলেজ গেইট এলাকার মান্নানের বাড়িতে ভাড়া থাকতো মোটরসাইকেল আরোহী সবাই। তারা কোনাবাড়ি বাইমাইল এলাকায় তাদের আত্মীয়ের বাড়িতে কোরবানির গোশত নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
আলোকিত প্রতিদিন/ ১৫ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -

