রিপন সারওয়ার
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, যোগযোগ ব্যবস্থা একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত। সেই লক্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করছে। প্রতিমন্ত্রী শনিবার বিকালে মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক ( এন- ৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ৪ ধারার নোটিশ প্রদান কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সড়ক, মহাসড়ক এবং আঞ্চলিক সড়ক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এর সুফল আমাদের অর্থনীতি প্রতিফলিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক ( এন- ৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প এবং মুক্তাগাছা শহরের যানজট নিরশনে শহরের বাহির দিয়ে বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প সম্পন্ন হলে স্থানীয় উন্নয়নে মাইলফলক হবে। এদিন বিকালে স্থানীয় ভাবকীর মোড়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশিষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এড. বদর উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পারভেজুর রহমান, সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর, মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী প্রমুখ। প্রায় এক হাজার একশ সাত কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের প্রাথমিক কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলে সওজ বিভাগ জানিয়েছে।
আলোকিত প্রতিদিন / ২২ মে ,২০২২/ মওম

