স্টাফ রিপোর্টার
পরীক্ষার চাপ যত কম, শিক্ষা ততবেশী মানসম্মত হয় বলে মন্তব্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।তিনি বলেন, বিশ্বের যেখানেই মানসম্মত শিক্ষা আছে, সেখানেই পরীক্ষার চাপ কম।আমরাও শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতির পরিবর্তন আনছি। পুরো পড়াশোনাটাই হবে শিক্ষার্থী কেন্দ্রিক। মূল্যায়ন পদ্ধতিরও পরিবর্তন আনছি। ধারাবাহিক মূল্যায়ন অনেক বেশি হবে। শিক্ষার্থীদের কাজের মধ্য দিয়ে মূল্যায়ন হবে, অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন হবে। সেটিই আমরা চাই।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল সংলগ্ন মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের স্বশিখনের উপর জোর দেয়া হবে। তাদের নিজের মতো করে শেখার উপরেও জোর দেয়া হবে। তারা যা শিখবে তা যেন বাস্তবজীবনে প্রয়োগ করতে পারে।
‘আপনারা জানেন যে, প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নতুন শিক্ষাক্রম আমরা প্রণয়ন করেছি’-এ কথা উল্লেখ করে তিনি বলেন, সেই শিক্ষাক্রম অনুযায়ী নতুন বছর থেকে পরীক্ষণমূলক পাইলটিং হবে, পরিমার্জন ও পর্যালোচনা করে ২০২৩ সালে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
আতারা // এপি

