আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বের সবচেয়ে ছোট গরু রাণী’র মৃত্যু

আরো খবর

                                 সংবাদ দাতা: আশুলিয়া থেকে সফি সুমন এবং সাভার থেকে আলী হোসেন
——————————————————————————————————————————–
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়তে যাওয়া সাভার আশুলিয়ার খর্বাকৃতির গরু ‘রাণী’ মারা গেছে। প্রাণীটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা। তবে রানীর মৃত্যু নিয়ে শিকড় এগ্রো লিমিটেড কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। খামারে গেলে বলা হয় রাণী অসুস্থ, তাই অন্যত্র সরিয়ে রাখা হয়েছে।
সাভার উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব বৃহস্পতিবার বিকেল সোয়া ৪-টার দিকে রাণী’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গরুটা দুইদিন ধরে অসুস্থ ছিল এবং শরীরে তেমন এন্টিবডি ছিলনা। ভুল করে হয়তো পঁচা-বাসি খাবার খাওয়ানো হয়েছিলো। আবার মাত্রাতিরিক্ত ফিডও খাওয়াতে পারে। তবে, খামার কর্তৃপক্ষ বলেছে তারা ফিড খাওয়ায়। অতিরিক্ত দানাদার খাবার খাওয়ালে অনেক সময় গরুর পেট ফুলে যায়, গ্যাস হয়। মূলত ফুড পয়জনিং হয়ে গরুটি মারা গেছে। একেবারে মুমূর্ষু অবস্থায় গরুটি আমাদের কাছে নিয়ে এসেছিলো। আমরা যথার্থ চিকিৎসা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু, চিকিৎসায় কোনো কাজ হয়নি। আমাদের বিভাগীয় সার্জন, গরুর মালিকপক্ষের একজন ডাক্তারসহ আমাদের আরও ডাক্তার উপস্থিত ছিল’। তিনি আরও বলেন ‘দুদিন ধরেই মালিকপক্ষের ডাক্তার গরুটার চিকিৎসা করছিল, যখন দেখেছে ভালো হচ্ছে না, তখন আমাদের কাছে নিয়ে আসে। গরুটা মারা যাওয়ার সন্নিক্ষণ অবস্থায় আমরা পেয়েছি’।
বৃহস্পতিবার বিকেল ৫-টার দিকে শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক তানভির হাসান বলেন ‘আমি কুমিল্লায়, সেখানে আমাদের আরেকটা প্রজেক্টে আছি। সঠিক খবর আমার কাছে নাই। আমি কুমিল্লা থেকে ফিরে এসে সঠিক তথ্য জানাতে পারবো’। তার আগে বিকেল ৩-টার দিকে শিকড় এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. আবু সুফিয়ান এর সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলেন ‘আমিতো জানি না বিষয়টা।
খামারে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকার কারণে পাড়ার ছেলেপেলে উঁকিঝুঁকি মেরে গরুটিকে দেখতে যায়। কিন্তু, রাণী’র দেখা পাওয়া যায় না, দুদিন আগে সিলেট থেকে রাণী’র মতো দেখতে ছোট একটা গরু আনা হইছে। উঁকি মারলে রাণী’র জায়গায় শুধু ওই গরুটাকেই দেখা যায়। মো. মাসুদ নামে খামারের এক কর্মচারী জানান, ১০-১২ দিন আগে নিরাপত্তার জন্য রাণীকে মালিকরা নিয়ে গেছেন। তবে, কোথায় নিয়ে গেছেন সেটা তারা জানেন না।

আলোকিত প্রতিদিন/ ২০ আগস্ট ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -