আজ , ।   

আশুলিয়ায় বিসিবি’র আম্পায়ারকে ছুরিকাঘাতে জখম

আরো খবর

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ছুরিকাঘাত ও মারধরের শিকার হয়েছেন দ্বীন ইসলাম রকি নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার ও সিকিউরিটি বোর্ডের সদস্য। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট হক মার্কেট এলাকার নিজ বাড়ির পাশে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। আহতের পরিবার জানান, গত কয়েক দিন আগে বাড়ির সমস্যা নিয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন রকি। এরপর রোববার সন্ধ্যায় বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এ সময় কয়েকজন তাকে ছুরিকাঘাত ও মারধর করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
এ দিকে গত ২৫ জুন ভুক্তভোগী রকির বাবা সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিয়ার রহমান থানায় একটি অভিযোগ করেছিলেন। অভিযোগে বলা হয়, দক্ষিণ গাজীরচট হক মার্কেট এলাকায় চার শতাংশ জমিতে পাঁচতলা বাড়ির নির্মাণ কাজ শুরু করেন ওয়ারেন্ট অফিসার আতিয়ার রহমান। চারতলা বাড়ির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। কিন্তু অনেক দিন ধরে স্থানীয় শফিকুল ইসলাম ও তার সঙ্গী আনিছ আহমেদ বাড়িটি দখলে নিতে বিভিন্নভাবে পায়তারা করছে। গত ২৪ জুন সন্ধ্যায় শফিক ও আনিসসহ কয়েকজন ওই বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় আতিয়ার রহমানের ছেলে বিসিবি’র আম্পায়ার দ্বীন ইসলাম প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাদের ভয়ভীতি দেখিয়ে বাড়ির কাজ বন্ধ রাখতে বলে যায় তারা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, কয়েক দিন আগেই বিসিবি’র আম্পায়ারের বাবা একটি অভিযোগ করেছেন। সোমবার দুপুরে আমি ঘটনাস্থলে তদন্তেও গিয়েছিলাম। এরপর সন্ধ্যায় অভিযোগকারীর ছেলে ওই আম্পায়ারকে আহত করার কথা জানতে পেরেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আহতের অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হবে। দ্রুত অভিযুক্তদের আটক করা হবে।
আলোকিত প্রতিদিন/ ২৮ জুন, ২০২১/ এম এইচ সি
- Advertisement -
- Advertisement -