প্রতিনিধি, জামালপুর:
জামালপুর সদরে মিজানুর রহমান মজনু হত্যা মামলার রায়ে তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আদালতের বিচারক মোঃ জুলফিকার আলী খান আজ দুপুরে এই দন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৩ সালের ৭ মে সন্ধায় নিজ বাড়ি থেকে স্থানীয় গোদাশিমলা বাজারে গিয়ে নিখোঁজ হন সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল বারী সরকারের পুত্র মিজানুর রহমান মজনু। পর দিন সকালে পাশের গ্রাম ঢেংগারগড় এলাকার একটি মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মজনুর মা হাসিনা বেগম পরের দিন চার জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় ১৯ জন স্বাক্ষীর মধ্যে ১২ জনের স্বাক্ষ্যের ভিত্তিতে ঢেংগারগড় এলাকার আলতাফ হোসেনের কন্যা জান্নাতুল ফেরদৌস ওরফে শাপলা, শ্রীরামপুর এলাকার সুরুজ ডাক্তারের পুত্র এহসান আহম্মেদ ওরফে সোহাগ ও আলতাফ হোসেন মুরাদের স্ত্রী সুফিয়া আক্তার রিনাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন আদালত। এছাড়াও অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামী আবুল হোসেনকে বেকসুর খালাস দেয় আদালত।
আলোকিত প্রতিদিন/ ৪এপ্রিল ২০২১/ দ ম দ

