মো. আবু তাহের:
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের নির্ধারিত কর্মসূচি ছিল। সফর শেষে তাঁর থাইল্যান্ড যাওয়ারও কথা ছিল। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি স্থগিত হয়েছে।
শামা ওবায়েদ ইসলাম জানান, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বাংলাদেশকে একই তথ্য জানানো হয়েছে।
আগামী ৭ ও ৮ ডিসেম্বর ঢাকা সফরের কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরের ফিরতি কর্মসূচি হিসেবে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে প্রস্তুতি চলছিল।
সফরের অংশ হিসেবে ৮ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। ঢাকা সফর শেষে তাঁর ব্যাংকক যাওয়ারও পরিকল্পনা ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

