নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন জাহাজপুরা গর্জনবাগান এলাকায় অবস্থানরত অসুস্থ হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছে বন বিভাগের চিকিৎসক দল। দীর্ঘ সময় পর্যবেক্ষণ শেষে চিকিৎসক জানিয়েছেন, বর্তমান শারীরিক অবস্থায় হাতিটিকে ট্রাঙ্কুলাইজ (অচেতন) করা উচিত হবে না। এ অবস্থায় ট্রাঙ্কুলাইজ করলে জ্ঞান না ফেরার আশঙ্কা রয়েছে।
শনিবার ( ২৮ নভেম্বর) বিকেল থেকে হাতিটিকে বাইরে থেকে পাকা কলা, মিষ্টি কুমড়া ও পেঁপে দেওয়া হয়েছে। হাতিটি খাবার গ্রহণ করছে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান।
তিনি বলেন, ডুলাহাজারা সাফারি পার্ক থেকে ৩ সদস্যের একটি চিকিৎসা ও উদ্ধারকারী দল গতকাল রাত ৯টায় জাহাজপুরা গর্জনবাগানে এসেছে।
আমাদের উপস্থিতিতে দলটি ঘটনাস্থল পরিদর্শন ও হাতিটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়,আগামী কয়েকদিন হাতিটিকে নিয়মিত খাবার সরবরাহ করা হবে। খাবার ও বিশ্রামের মাধ্যমে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পুনরায় চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনারা ধৈর্য ধারণ করে হাতির সুস্থতার কার্যক্রমে বন বিভাগের পাশে থাকুন।
তিনি আরো বলেন, হাতির কারণে যদি ক্ষতিগ্রস্থ কৃষকের কোন ফসলের ক্ষতি হয় তাহলে বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি হাতির কাছাকাছি চিৎকার, ভিড় এবং উত্ত্যক্ত না করতে সকলের প্রতি আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন /২৯ নভেম্বর /২০২৬/মওম

