বিশেষ প্রতিনিধি: জধানীর ধানমন্ডিতে অভিনব কৌশলে একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর পূরবী জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন দোকানটির মালিক।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজার ভেতরে এ ঘটনা ঘটে।
পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদের ভাষ্য অনুযায়ী, রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়। পরে সেই সুযোগে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে মূল্যবান গয়না নিয়ে যায়।
দোকানটির মালিক অমিত ঘোষ জানান, চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ আনুমানিক দুই হাজার ভরি। পাশাপাশি ক্যাশ থেকে ১০-১২ লাখ টাকা নিয়ে গেছে চোরের দল।
ঘটনার পর শপিং মলের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের একজন জুয়েলার্সের নিজস্ব কর্মী এবং অন্য দু’জন শপিং মলের নিরাপত্তাকর্মী।
সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। ফুটেজে নিরাপত্তাকর্মীদের একজনকে বহিরাগতদের দোকানে প্রবেশে সহায়তা করতেও দেখা গেছে বলে দাবি করেন তিনি।
ধানমন্ডি থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাকর্মীদের কেউ কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। ইতোমধ্যে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আরও দু’জন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন/এপি

