বিনোদন: রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট। এদিন রাতে দেশের শ্রোতাদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন ‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ডদল।
এক কনসার্ট শেষ হতে না হতেই ঢাকার মঞ্চে আরেক আন্তর্জাতিক সংগীত তারকাকে আনার পরিকল্পনার কথা জানালেন আয়োজক ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার কথায়, আগামী বছরের এপ্রিলে ঢাকায় আসতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
তার ঘোষণা অনুযায়ী, রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ।
বিশ্বসংগীতে শাকিরা পরিচিত নাম। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। ‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘আন্ডারনিথ ইওর ক্লোদস’র মতো গান তাকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা এনে দিয়েছে।
ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি দেশের সংগীতাঙ্গনে বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হতে পারে। তবে এখনো তার বাংলাদেশ সফর কিংবা কনসার্টে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। শুধু তাই নয়, আয়োজকদের পক্ষ থেকে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য কিংবা টিকিট বিক্রির সময়সূচি সম্পর্কিত আনুষ্ঠানিক তথ্যও প্রকাশ করা হয়নি এখনো।
আলোকিত প্রতিদিন/এপি

