নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত ‘বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে, প্রতিবাদ ও কবিতা পাঠ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের কোনো চক্রান্তই সফল হবে না। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং অগ্নিসন্ত্রাস মোকাবিলায় কবি, সাহিত্যিক, লেখক ও বুদ্ধিজীবীদের একসঙ্গে দাঁড়াতে হবে।
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কবি, শিক্ষাবিদ ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ আজাদ। প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব ও বাসসের ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন কবি সৈয়দ রনো।

শামসুজ্জামান দুদু বলেন, যে দেশে সাহিত্যিক, কবি ও লেখকেরা রাজপথে নামেন, সেখানে কোনো ষড়যন্ত্র টিকে থাকতে পারে না। তিনি বলেন, আপনারা যখন নিজস্ব সাধনা ও মর্যাদার চেয়ে দেশকে বড় করে দেখেছেন, তখন পার্শ্ববর্তী দেশ কিংবা আওয়ামী লীগ যত চক্রান্তই করুক না কেন, তা কাজে আসবে না।
বিএনপির এই নেতা আরও বলেন, দীর্ঘ সংগ্রাম ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, যা বিশ্বজুড়ে অবাধ ও গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সৃষ্ট অস্থিরতা আইনের শাসনের আওতায় এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তাঁর অভিযোগ, একটি মহল মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতাকর্মী এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও হামলা চালাচ্ছে এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে ঝুঁকির মুখে ফেলছে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব রাজনৈতিক দল এবং কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের এক কাতারে এসে স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হবে, যাতে সার্বভৌমত্ব কোনোভাবেই হুমকির মুখে না পড়ে।
তিনি মনে করেন, দেশে শৃঙ্খলা ও নিয়মকানুন প্রতিষ্ঠা করা গেলে বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা রাষ্ট্রে পরিণত হতে পারবে। গত ৫৫ বছর ধরে এই লক্ষ্যেই সংগ্রাম চলছে উল্লেখ করে দুদু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং দেশের জন্য জীবন দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ, জনগণ ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।
আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে দুদু বলেন, সীমান্তের ওপার থেকে যারা বিশৃঙ্খলা ও অগ্নিসংযোগের ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে হত্যাকাণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ বিদেশে পাচার হয়েছে।
কবিতা পাঠের মাধ্যমে কবি-সাহিত্যিকদের এমন প্রতিবাদের প্রশংসা করে দুদু বলেন, এটি দেশের স্বাধীনতা ও সার্বৌমত্বের পক্ষে জোরালো বার্তা। এ জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

প্রধান বক্তা কাদের গণি চৌধুরী বলেন, বাংলাদেশকে আর কোনো রাষ্ট্রের করদরাজ্য হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না এবং কারও উসকানিতে এই সবুজ দেশকে পুড়ে মরুভূমি হতে দেওয়া হবে না। তাঁর ভাষায়, ফ্যাসিবাদের ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে; বেশি বাড়াবাড়ি করলে দেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তিনি আরও বলেন, এটি হাছন ও লালনের দেশ, এখানে কোনো বিজাতীয় সংস্কৃতি ঠাঁই পাবে না।
কাদের গণি চৌধুরী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদই শান্তি ও সমৃদ্ধির একমাত্র পথ। তারেক রহমানের নেতৃত্বে যে ইতিবাচক ও গঠনমূলক রাজনীতির সূচনা হয়েছে, সব ষড়যন্ত্র মোকাবিলা করে তা পূর্ণতা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি কবি-লেখকদের রাজপথে নামার মধ্য দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম বলেন, দ্বিজাতীয় অপসংস্কৃতির প্রভাব থেকে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করতে হবে।
সভাপতির বক্তব্যে শাহীন রেজা বলেন, কবি-লেখকেরা আজ রাজপথে নেমেছেন এবং সব চক্রান্ত রুখে দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং কবিতা পাঠ ও প্রতিবাদের গান পরিবেশন করেন কবি জামাল উদ্দিন জামাল, কবি ফেরদৌস সালাম, কবি এবিএম সোহেল রশিদ, কবি শাহিন রিজভী, কবি হাসান কামরুল, কবি হুমায়ুন কবির সিকদার, কবি জেসমিন দিপা, সাংবাদিক রাজু আহমেদ, কবি সৈয়দ জাহিদ মাহমুদ, কবি জাবেদ পাটোয়ারী, কবি আলমগীর সরকার লিটন, কবি ড. কাজী মনিরুস জামান মনির, কবি মোহাম্মদ কুতুবউদ্দিন, কবি গোলাম মাওলা সিকদার, কবি মজিবুর রহমান বকুল, কবি নাসরিন ইসলাম শেলী, কবি এন এ পলাশ, কবি মঞ্জু খন্দকার, কবি নুরুন নাহার আনছারী, কবি মুক্তি আল মাহমুদ খান, কবি রুকুন উদ দৌলা সোহেল, কবি মাহমুদুল হাসান ও কবি মতিউর রহমান প্রমুখ।

