আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা।
২৩ নভেম্বর সোমবার গভীর রাতে সংস্থাটি এ তথ্য জানায়। আইআরজিসির তথ্য অনুযায়ী, আক্রান্ত ট্যাংকারগুলোর একটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে এবং অন্য দুটি প্রণালির পূর্বাংশে অবস্থান করছিল।
আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, দখলদার মার্কিন সেনাবাহিনীর আকাশপথের সুরক্ষা এবং প্রহরার মধ্যে থাকা অবস্থাতেই ট্যাংকার তিনটি নৌ মাইনে আঘাত হানে। এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের এই প্রহরা দুর্ঘটনাগুলো প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব জাহাজে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ছবি ও ফুটেজ প্রকাশ করা হবে। প্রণালিতে অননুমোদিত নৌপথ ব্যবহার না করতে এবং সামুদ্রিক চলাচলের নিয়মাবলি মেনে চলতে জাহাজ মালিক ও নাবিকদের সতর্ক করেছে আইআরজিসি নৌবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম বা সেগুলো কোন দেশের পতাকাবাহী, তা জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করলে গত ১২ জুলাই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় তেহরান। ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত পথের বাইরে অন্য কোনো রুট ব্যবহার করলে বা অনুমতি ছাড়া এই জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলে সেই জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে জবাবে ইসরায়েল এবং আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। ১৮ জুন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি সমঝোতা স্মারকে সই করলেও হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচলের প্রশ্নে মতবিরোধের জেরে তা বাস্তবায়ন আটকে যায়।
সূত্র : আনাদোলু এজেন্সি
আলোকিত প্রতিদিন /২৪নভেম্বর /২০২৬/মওম

