নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এছাড়া উক্ত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, কক্সবাজার জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দীনসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। কক্সবাজারের মেধাবী শিক্ষার্থীরা যেন আর্থিক অসচ্ছলতার কারণে ঝরে না পড়ে, সে লক্ষ্যে কক্সবাজার জেলা পরিষদ নিয়মিত আর্থিক সহায়তা ও প্রতি বছর বৃত্তি প্রদান করে আসছে। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি বলেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে ।এ জেলার ভাবমূর্তি উজ্জ্বল করতে ও মাদকমুক্ত কক্সবাজার গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে। যেকোন প্রতিকূলতায় জেলা পরিষদ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, কক্সবাজার জেলা পরিষদ সব সময় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করার নিমিত্ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদ প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য যে কোন প্রকার আর্থিক সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যৎ এ ধারা অব্যাহত থাকবে। তিনি বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন আজকের শিক্ষার্থীদের হাত ধরে আগামীর উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।
অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ শিক্ষা বৃত্তি তাদের অনুপ্রেরণা উৎস হিসেবে তারা অভিমত প্রকাশ করেন।
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে কক্সবাজার জেলার ১০টি উপজেলায় এসএসসি/এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩১৪জন শিক্ষার্থীদের অনুকূলে ২০ লক্ষ ৯৮ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন /২৪নভেম্বর /২০২৬/মওম

