নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এস্টেটে ফ্ল্যাটের নামজারি ও হস্তান্তরের অনুমোদন থেকে শুরু করে প্রশাসনিক নানা সেবায় একটি সংঘবদ্ধ ঘুষ সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই অনিয়ম ও দীর্ঘসূত্রতার নেপথ্যে রয়েছেন মোহাম্মদপুর হাউজিং এস্টেটের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ নুর এবং প্রশাসনিক কর্মকর্তা আকলিমা খানম। অভিযোগ উঠেছে, এই সিন্ডিকেটের হয়ে মোহাম্মদপুর হাউজিং এস্টেটের হিসাব সহকারী রফিক সরাসরি সেবাগ্রহীতার কাছে ঘুষ দাবি করেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় ফাইল আটকে রাখা, এমনকি অভিযোগ ওঠার পর অভিযুক্ত কর্মকর্তাকে কেবল রুটিন বদলি করে দায় সারার মতো প্রশ্নবিদ্ধ পদক্ষেপও সামনে এসেছে।
ভুক্তভোগী মো. আব্দুল আওয়াল হিমেল একাধিক সাক্ষাৎকারে জানান, নিজের ছেলে ও মেয়েকে হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করা দুটি ফ্ল্যাটের নামজারির অনুমোদন নিতে গেলে প্রশাসনিক কর্মকর্তা আকলিমা খানমের হিসাব সহকারী রফিক সরাসরি তাঁর কাছে প্রতি ফ্ল্যাটে ৬০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত এই অর্থ দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই আবেদন দুটির নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্ব ও নানা প্রশাসনিক জটিলতা তৈরি করা হয়।
জানা গেছে, ঘুষ দাবি ও হয়রানির এই অভিযোগ ওঠার পর প্রশাসনিক কর্মকর্তা আকলিমা খানমকে মোহাম্মদপুর হাউজিং এস্টেট থেকে কুমিল্লায় বদলি করা হয়েছে। তবে ভুক্তভোগী ও সচেতন মহলের মতে, বদলি কোনো শাস্তি নয়; এটি প্রশাসনের একটি নিয়মিত বা ‘রুটিন ওয়ার্ক’ মাত্র। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাই আইনসিদ্ধ এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও অগ্রগতির জন্য জরুরি। কেবল বদলি করে গুরুতর অনিয়মের দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ নুরের ছত্রছায়ায় মোহাম্মদপুর হাউজিং এস্টেটে ঠিকাদারি বিল ছাড়, প্লট ও ফ্ল্যাটের নামজারি এবং বিভিন্ন প্রশাসনিক সেবা প্রদানে অননুমোদিত অর্থ লেনদেনের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হিসাব সহকারী রফিকের মতো কর্মচারী ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছ থেকে এসব অর্থ সংগ্রহ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট সূত্রে আরও দাবি করা হয়েছে, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরীর ভাগিনা নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ নুর বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে গণপূর্ত সার্কেল ঢাকা-৫-এ বদলি নিয়েছেন। এই বদলি ও প্রশাসনিক প্রভাবের বিষয়টি নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
প্রতিকার চেয়ে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন আব্দুল আওয়াল হিমেল। অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা তদন্ত, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বিধি অনুযায়ী ফ্ল্যাট দুটির নামজারি নিষ্পত্তির দাবি জানানো হয়। অভিযোগের সঙ্গে তিনি দাপ্তরিক কাগজপত্র, আবেদন এবং নামজারি ও হস্তান্তরসংক্রান্ত অনুমতিপত্রের অনুলিপি সংযুক্ত করেন।
অভিযোগটি তদন্তের জন্য এনএইচএর ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে পাঠানো হয়। তবে অভিযোগকারীর দাবি, অভিযোগ দাখিলের পর তদন্তের অগ্রগতি, অভিযুক্তদের বক্তব্য গ্রহণ কিংবা তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে তাঁকে সুস্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। তদন্ত কর্মকর্তা কী পদক্ষেপ নিয়েছেন, প্রমাণ যাচাই করেছেন কি না এবং তদন্তের ফলাফল কী, তা এখনো তাঁর কাছে অস্পষ্ট।
বদলি হওয়ার আগে গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রশাসনিক কর্মকর্তা আকলিমা খানমের স্বাক্ষরিত একটি প্রতিবেদন ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে পাঠানো হয়। ওই প্রতিবেদনে আব্দুল আওয়াল হিমেলের অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করা হয় এবং এস্টেটের ‘ক’ ও ‘বি’ ব্লকের কয়েকটি ফ্ল্যাটের নামজারি ও হস্তান্তর অনুমোদনের তথ্য তুলে ধরা হয়।
যাঁর বিরুদ্ধে সরাসরি অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ, সেই প্রশাসনিক কর্মকর্তা নিজেই প্রতিবেদন তৈরি ও স্বাক্ষর করায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
অভিযোগপত্র ও সংযুক্ত নথি অনুযায়ী, মেয়ের নামে ফ্ল্যাটের নামজারির অনুমোদন চেয়ে ১০ মে ২০২৬ এবং ছেলের নামে ১৯ আগস্ট ২০২৬ তারিখে আবেদন করা হয়। ভুক্তভোগীর দাবি, মেয়ের আবেদনের শুনানিতে প্রয়োজনীয় মূল কাগজপত্র উপস্থাপন করা হলেও পরে ফাইলটি প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। অথচ একই মোহাম্মদপুর হাউজিং এস্টেটের অন্যান্য কয়েকটি ফ্ল্যাটের নামজারি ও হস্তান্তর অনুমোদন স্থানীয় এস্টেট কার্যালয় থেকেই সম্পন্ন হয়েছে। একই এস্টেটে ভিন্ন প্রক্রিয়া অনুসরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে, ছেলের নামে করা আবেদনের বিষয়ে কর্তৃপক্ষের প্রতিবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কথা বলা হলেও ঠিক কোন নথিগুলো অনুপস্থিত ছিল, কখন জমা দিতে বলা হয়েছিল এবং আবেদনকারীকে লিখিতভাবে জানানো হয়েছিল কি না, তার সুস্পষ্ট উত্তর মেলেনি।
ভুক্তভোগী আব্দুল আওয়াল হিমেল বলেন ‘ঘুষ সিন্ডিকেটের হোতা ও জড়িতদের বিরুদ্ধে কেবল রুটিন বদলি নয়, বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন’ এবং তাঁর ছেলে ও মেয়ের ফ্ল্যাটের নামজারি দ্রুত নিষ্পত্তির জন্য এনএইচএ চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ নুর, প্রশাসনিক কর্মকর্তা আকলিমা খানম এবং হিসাব সহকারী রফিকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

