স্কট বেসেন্টের ব্যক্তিগত বাসভবনটির অবস্থান ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায়। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ (১২ দশমিক ৫ মিলিয়ন) ডলারে বিলাসবহুল এ বাসভবনটি কিনেছিলেন বেসেন্ট। সে সময় মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউিএসজে) বাসভবনটির ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল।
এ ব্যাপারটি সম্পর্কে ওয়াকিবহাল এক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জানান, ওয়াল স্টিট জার্নালে ওই ছবি প্রকাশের পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায়। কারণ গোয়েন্দা সূত্রে মার্কিন কর্মকর্তারা জানতে পারেন যে ইরান তার বাড়ির অবস্থান শনাক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।
এর পরেই বেসেন্টকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। সিএনবিসিকে ওই কর্মকর্তা জানিয়েছেন, “ইরানের সম্ভাব্য হামলার হুমকি থেকে নিরাপত্তার খাতিরেই অর্থমন্ত্রীকে সামরিক ঘাঁটিতে সরে যেতে হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ক্রমবর্ধমান ইরানি হুমকির এই সময়ে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।” কোন সামরিক ঘাঁটিতে বেসেন্ট বসবাস করছেন— সে তথ্য দেননি ওই মার্কিন কর্মকর্তা। তবে সরকারি নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্র জানিয়েছে, প্রায় দু’সপ্তাহ ধরে বাড়ির বাইরে আছেন তিনি।
স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটাকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন। গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ অভিযানের মূল লক্ষ্য হলো— সামরিক পদক্ষেপের পাশাপাশি নিষেধাজ্ঞা এবং অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা।
ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র সিএনবিসি’কে বলেছেন, “ইরানি শাসকের হুমকির মুখে বেসেন্ট পিছু হটবেন না।”
মুখপাত্র আরও বলেন, “তিনি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাস্তবায়ন এবং অবরোধ বজায় রাখার ব্যাপারে অবিচল রয়েছেন; যার প্রভাবে ইরানের অর্থনীতি ধসে পড়ছে।”
সূত্র : আলজাজিরা, সিএনবিসি

