আজ , ।   

অসুস্থ শরীরে পিঠা বিক্রি করে চলে সংসার, চিকিৎসা ও মেয়ের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় এতিম হাফিজুর

আরো খবর

জামালপুর প্রতিনিধি: বাবা-মা নেই, নেই কোনো জমিজমা কিংবা স্থায়ী আয়ের ব্যবস্থা। হৃদরোগ ও আলসারে আক্রান্ত শরীর নিয়ে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ছোট্ট একটি পিঠার দোকানে বসেন হাফিজুর রহমান (৩০)। ভাপা ও চিতই পিঠা বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে স্ত্রী ও সাত বছরের মেয়েকে নিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাঁকে। চিকিৎসার খরচ জোগানো তো দূরের কথা, মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।

জামালপুরের মেলান্দহ উপজেলার ১১ নম্বর শ্যামপুর ইউনিয়নের কাজাইকাঁটা বটতলা বাজারে একটি ছোট চালা তুলে পিঠার দোকান দিয়েছেন হাফিজুর। কোনো রকমে দোকানটি চালিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন তিনি।

একসময় সুস্থ থাকাকালে হাফিজুর সামনে যে কাজ পেতেন, তা-ই করতেন। শ্রম দিয়ে সংসার চালাতেন। কিন্তু হৃদরোগ ও আলসারে আক্রান্ত হওয়ার পর আগের মতো শরীরে শক্তি পান না। অসুস্থতা যেন তাঁর স্বাভাবিক জীবনকে থমকে দিয়েছে। এখন সামান্য আয় করতে গেলেও শরীরের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়।

হাফিজুরের নেই কোনো জমিজমা। মাথা গোঁজার ঠাঁই বলতে মাত্র দুই শতাংশ জমির ওপর দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা একটি ঘর। সেই ঘরেই স্ত্রী ও সন্তানকে নিয়ে কষ্টে বসবাস করছেন তিনি। বাবা-মাও মারা গেছেন অনেক আগেই। একদিকে অসুস্থতা, অন্যদিকে অভাব- সব মিলিয়ে অসহায় হয়ে পড়েছেন এই যুবক।

বিকেল থেকে রাত পর্যন্ত কাজাইকাঁটা বটতলা বাজারে পিঠা বিক্রি করে সামান্য যা আয় হয়, তা দিয়ে কোনোমতে সংসারের খরচ চালান। কিন্তু প্রতিদিনের খাবার জোগাড় করতেই যেখানে কষ্ট হয়, সেখানে নিয়মিত ওষুধ কেনা কঠিন হয়ে পড়ে। চিকিৎসার অভাবে অসুস্থতা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে।

সবচেয়ে বেশি দুশ্চিন্তা সাত বছরের মেয়েকে নিয়ে। ছোট্ট মেয়েটি একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মেয়েকে শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন হাফিজুর। কিন্তু অভাবের সংসারে সেই স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে শঙ্কিত তিনি। আর্থিক সহযোগিতা পেলে মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়ার পাশাপাশি একটি ছোট ব্যবসা দাঁড় করিয়ে সংসারের অবস্থার পরিবর্তন করতে চান।

হাফিজুর রহমান আরও বলেন, “আগে সুস্থ ছিলাম, যে কাজ সামনে পড়ত, সেটাই করতাম। এখন অসুস্থ, আগের মতো পরিশ্রম করতে পারি না। আয়-রোজগারও তেমন হয় না। ওষুধ কেনার টাকাই জোগাড় করতে পারি না, সংসার চালাব কীভাবে? কারও কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলে ছোট একটা ব্যবসা করতাম। বউ-বাচ্চা নিয়ে একটু ভালোভাবে চলতে পারতাম।”

অভাবের সংসারে অসুস্থ হাফিজুরের একটাই চাওয়া- একটু সহযোগিতা পেলে ছোট একটি ব্যবসা দাঁড় করিয়ে পরিবারের দায়িত্ব কিছুটা হলেও সামলাবেন। তাঁর চোখে স্বপ্ন, মেয়েকে পড়াশোনা করাবেন, যেন তাঁর সন্তানকে অভাবের মধ্যে বড় হতে না হয়।

সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে হয়তো হাফিজুরের জীবনে নতুন করে আশার আলো জ্বলতে পারে। একটি সহযোগিতা তাঁর চিকিৎসা, জীবিকা ও মেয়ের শিক্ষার পথ কিছুটা সহজ করে দিতে পারে।

মানবিক সহায়তা পেলে অসুস্থ হাফিজুর ঘুরে দাঁড়ানোর পাশাপাশি মেয়ের শিক্ষার স্বপ্নটুকুও বাঁচিয়ে রাখতে পারেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -