বিনোদন ডেস্ক:
আবার ঘর বাঁধলেন আমেরিকান সংগীত তারকা মাইলি সাইরাস। এবার বিয়ে করলেন তরুণ সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে। সে মাইলির চেয়ে পাঁচ বছরের ছোট। মাইলির বর্তমান বয়স ৩৩ বছর, আর ম্যাক্স এর ২৮ বছর।
২১ নভেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। একাধিক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে পিপল ম্যাগাজিন। বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছে ম্যাগাজিনটি।
মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুইমিংপুলের পাশে সাদা ফুলে সাজানো একটি মঞ্চের নিচে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের আগের দিন ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ নৈশভোজ।
মাইলি এবং ম্যাক্সের সম্পর্ক অবশ্য বেশ আগের। গত বছরের ডিসেম্বরেই তারা বাগদান সেরেছিলেন। ম্যাক্স জানান, গত বছর জাপানের কিয়োটো ভ্রমণের সময় মাইলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে ম্যাক্স জানান, হোটেলের বাগানে হাঁটার সময় সুযোগ বুঝে হাঁটু গেড়ে মাইলিকে বিয়ের প্রস্তাব দেন। পুরো বিষয়টি গোপন রাখতে বেশ কৌশল অবলম্বন করতে হয়েছিল তাকে।
২০২১ সালের শেষ দিকে মাইলি এবং ম্যাক্সের সম্পর্কের শুরু। একবার ব্রিটিশ সাময়িকী ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, পরিচিতজনদের মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয়েছিল; একে-অপরের সম্পর্কে কিছু না জেনেই প্রথম সাক্ষাৎ করেছিলেন তারা।
উল্লেখ্য, এর আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন মাইলি। ২০১৮ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হলেও এক বছরের মাথায় তারা আআলাদা হয়ে যান। ২০২০ সালের জানুয়ারিতে চূড়ান্ত বিচ্ছেদ করেন।
আলোকিত প্রতিদিন /২২নভেম্বর /২০২৬/মওম

