বিনোদন: কেবিন ক্রু থেকে সংবাদপাঠিকা, সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা। এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নতুন যাত্রা শুরু করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।
নতুন পরিচয়ে পথচলার শুরুতেই এমন স্বীকৃতি বুবলীর ক্যারিয়ারে যোগ করেছে ভিন্নমাত্রা। অন্যদিকে মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সব পরিকল্পনা ঠিক থাকলে জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে ফিরবেন এই অভিনেত্রী। গতকাল ২০ নভেম্বর ছিল বুবলীর জন্মদিন। নতুন পরিচয়, মাতৃত্ব, চলচ্চিত্র প্রযোজনা এবং অভিনয়ে ফেরার প্রস্তুতি–সব মিলিয়ে এবারের জন্মদিনে তাঁর ক্যারিয়ার যেন নতুন এক বাঁকে দাঁড়িয়ে।
নায়িকা থেকে প্রযোজক-
নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন ‘বিগ প্রোডাকশন্স’। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক লোগো প্রকাশ করে নতুন যাত্রার ঘোষণা দেন বুবলী। ফেসবুকে লোগোটি প্রকাশ করে তিনি লেখেন, ‘অফিশিয়াল লোগো অব বিগ প্রডাকশনস। আ নিউ চ্যাপ্টার বিগিনস…’। অর্থাৎ নতুন একটি অধ্যায়ের সূচনা করলেন তিনি।
এই প্রতিষ্ঠানের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। ছবিটি নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। প্রথম প্রযোজিত কাজের এমন স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বুবলী ফেসবুকে লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউসের প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা ট্যালেন্ট সেকশন-এ ।
নতুন এই অর্জনকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’
বুবলীর এই উদ্যোগের মধ্য দিয়ে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও নিজের আগ্রহের জানান পাওয়া যাচ্ছে। তবে বিগ প্রোডাকশন্সের পরবর্তী পরিকল্পনা কিংবা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি তিনি। আপাতত প্রথম কাজ ‘ঠিকানা’র উৎসবযাত্রা ঘিরেই তাঁর নতুন পরিচয়ের প্রথম অধ্যায়।
ফিরবেন ‘ঢাকাইয়া দেবদাস’ দিয়ে-
প্রযোজনায় নতুন যাত্রার পাশাপাশি অভিনয়ে ফেরার প্রস্তুতিও চলছে বুবলীর। বেশ কয়েক মাস ধরে শুটিং ও চলচ্চিত্রের প্রচার-প্রচারণায় অনুপস্থিত ছিলেন তিনি। গত ৫ জুন সামাজিক মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান এই অভিনেত্রী। তাঁর দেওয়া তথ্যমতে, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রেখেছেন শারলিন খান। মাতৃত্বকালীন বিরতির পর বড়পর্দায় ফেরার সম্ভাব্য সিনেমা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’। পুরান ঢাকার ঐতিহ্য, সমাজব্যবস্থা ও সংস্কৃতিকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হবে। এর আগে সিনেমাটির শুটিংয়ে ফেরার বিষয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানা গেলেও সময়সূচিতে পরিবর্তন এসেছে।
এদিকে শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ সিনেমার পর আবারও জুটি বাঁধার গুঞ্জন উঠেছে বুবলীর। তানিম রহমান অংশুর নতুন সিনেমা ‘লিম্বো’তে তাদের একসঙ্গে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
জন্মদিনে নতুন প্রত্যাশা-
ব্যক্তিগত জীবন নিয়েও গত কয়েক বছর ধরে আলোচনায় রয়েছেন বুবলী। এবার দ্বিতীয়বার মাতৃত্বের খবর প্রকাশের পরও বেশ কিছুদিন জনসমক্ষে অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী। তবে পুরোপুরি আড়ালে থাকেননি।
সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের লোগো প্রকাশ করেছেন। কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তায় আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন। এসব উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে, ধীরে ধীরে জনসমক্ষে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বুবলীর সামনে একাধিক নতুন চ্যালেঞ্জ।
একদিকে দুই সন্তানের মা হিসেবে পারিবারিক দায়িত্ব, অন্যদিকে অভিনয়ে প্রত্যাবর্তন এবং প্রযোজক হিসেবে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা। এত দিন ক্যামেরার সামনে নিজের অভিনয় দিয়ে পরিচিতি তৈরি করেছেন। এবার ক্যামেরার পেছনেও কাজের পরিসর বাড়াতে চান তিনি।
আলোকিত প্রতিদিন/এপি

