আজ , ।   

আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি: ইভা আরমান!

আরো খবর

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী ইভা আরমান। ২০০৪ সাল থেকে নিয়মিত গান করছেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে প্রকাশ করেছেন ২৪টি একক অ্যালবাম। দেশের অনেক গুণী সুরকারের সুরে গান করার পাশাপাশি ভারতের সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর সঙ্গেও কাজ করেছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘প্রবাসী’। নতুন গান ও সংগীতের বেশকিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন তিনি।

নতুন গান ‘প্রবাসী’ প্রকাশ পেয়েছে আপনার….
নতুন গান প্রকাশের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে ‘প্রবাসী’ গানটি আমার কাছে একটু বিশেষ। ২৩ বছর সংগীতজীবনে বিভিন্ন দেশে গান করার সুযোগ পেয়েছি আমি। তবে প্রবাসী ভাই-বোনদের নিয়ে গান করার সুযোগ হয়নি এখনো। প্রথমবার তাদের সুখ-দুঃখ, আনন্দ বেদনা নিয়ে গান করতে পেরে ভালো লাগছে আমার। গানটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি আমি।

গানটির কথা ও সুর করেছেন আপনি নিজেই। এমন ভাবনার পেছনে কী কারণ ছিল আরো-
দীর্ঘ ক্যারিয়ারে নানা বিষয় নিয়ে গান করেছি। তবে প্রবাসীদের জীবন ও তাদের অনুভূতি নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবারই প্রথম। প্রবাসী ভাই-বোনেরা পরিবার ও প্রিয়জনদের ছেড়ে দূরদেশে থাকেন। দেশ-বিদেশে ঘোরার সুবাদে তাদের জীবনে অনেক আনন্দের পাশাপাশি নানা কষ্টও দেখেছি। সেই অনুভূতিগুলো গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এবং গানটি প্রবাসী ভাই-বোনদের উৎসর্গ করেছি।

গানটির দৃশ্যধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এর পেছনে বিশেষ কোনো পরিকল্পনা ছিল-
আমার বেশির ভাগ গানের দৃশ্যধারণ বিদেশে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই গানটির ভিডিও পরিচালনা করেছেন মারুফ রহমান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এর দৃশ্যধারণ করা হয়েছে। প্রবাসীদের নিয়ে গান, তাই ভিডিওর ক্ষেত্রেও বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে।

সংগীতায়োজন করেছেন এম.এম.পি রনি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন আপনার..
গানটির সংগীতায়োজন করেছেন এম.এম.পি রনি। একটি গানকে সুন্দরভাবে শ্রোতার কাছে পৌঁছে দিতে সংগীতায়োজনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এই গানেও সবাই নিজেদের জায়গা থেকে কাজ করেছেন।

ভারতের প্রয়াত জনপ্রিয় ও কিংবদন্তীতুল্য শিল্পী বাপ্পি লাহিড়ী। তার সঙ্গে ‘ইচ্ছে দেওয়ানা’ শিরোনামের একটি গানের অ্যালবামে যৌথভাবে কাজ করার সুযোগ হয়েছিল। মুম্বাইয়ের একটি স্বনামধন্য স্টুডিওতে আমাদের গানের শুটিং হয়েছিল। এছাড়া বাংলাদেশের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও লস ভেগাসে কানসার্টে তার সঙ্গে পারফর্ম করি। তার সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটি অভিজ্ঞতা।

এর আগে আমি এন্ড্রু কিশোর, মানির খান, আসিফ আকবরসহ অনেক শিল্পীর সঙ্গে প্লেব্যাক করেছি। সর্বশেষ কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই নির্মিত ‘রাক্ষুসী’ চলচ্চিত্রে প্লেব্যাক করেছি। সেই সিনেমার গানের জন্য ২০০৭ সালে কলকাতা থেকে ‘কলাকার অ্যাওয়ার্ড’-এ সেরা কণ্ঠশিল্পী হিসেবে সম্মাননা পেয়েছি। একজন শিল্পীর জন্য কাজের স্বীকৃতি সব সময়ই আনন্দের ও অনুপ্রেরণার। আমি সব সময় চেয়েছি ভালো গান করার। ভালো গান আসছে অবশ্যই করবো।

সংগীতজীবনে বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। কোন বিষয়টি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ-
ক্যারিয়ারে বিভিন্ন সময়ে বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছি। ২০০৭ সালে বাবিসাস অ্যাওয়ার্ড, ২০১০ সালে বিনোদনধারা পারফরম্যান্স অ্যাওয়ার্ড, ২০১২ সালে বাচসাস অ্যাওয়ার্ড এবং ২০১৭ সালে এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা কণ্ঠশিল্পীর সম্মাননা পেয়েছি।

সামনে শ্রোতারা আপনার কাছ থেকে কী ধরনের গান আশা করতে পারেন-
আমি সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করি। ‘প্রবাসী’ গানটির মাধ্যমে একটি ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। শ্রোতারা গানটি শুনবেন, ভালো লাগলে অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন—এটাই প্রত্যাশা। সংগীতের সঙ্গে থাকতে চাই, নিয়মিত ভালো গান উপহার দিতে চাই।

বর্তমানে অনেকেই গানের অ্যালবাম করছেন, আপনার কি এমন চিন্তা আছে-
অবশ্যই আছে। ইতিপূর্বে আমি ২৪টি একক অ্যালবাম প্রকাশ করেছি। বর্তমানে দেখছি অ্যালবামের একটি ধারা চলে এসেছে। বিষয়টি দেখে ভালো লাগছে। অনেকে আগে থেকেই আমার নিজস্ব অ্যালবাম নিয়ে কাজ করছি। কয়েকটি গান এরই মধ্যে প্রস্তুত করেছি। আশাকরি অবশ্যই একক অ্যালবাম নিয়ে আবার ফিরবো আমি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -