২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। একই বছরের শেষ দিকে তাদের ঘরে আসে কন্যাসন্তান রাহা। সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা নিয়ে এক আলাপচারিতায় দাম্পত্যজীবন ঘিরে চলমান জল্পনা প্রসঙ্গে কথা বলেন আলিয়া।
অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের মন এবং হৃদয়ের কথা বুঝতে উৎসাহিত করি। তাই এমন একটি কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে এমন আলোচনা কেন হয়, সে বিষয়েও কথা বলেছেন আলিয়া।
রণবীরের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো কোনো চেষ্টা ছাড়াই যখন মনে হয়, কেউ আপনাকে বুঝতে পারছে। কিছু না বললেও যখন মনে হয়, আপনার কথা শোনা হচ্ছে। আমার কাছে রণবীর তেমনই।’
গত ২০২৩ সালের মে মাসে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তর্কের সময় তার গলার স্বর চড়া হয়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। স্বামী মনে করেন, মন খারাপ থাকলেও আচরণে নম্রতা বজায় রাখা জরুরি। এ কারণে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি।
আলোকিত প্রতিদিন /১৯ নভেম্বর /২০২৬/মওম

