আজ , ।   

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাই*ট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

আজ ​বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

​এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে তিনি সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান এবং ক্যাম্পাস পরিদর্শন শেষে প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন।

​বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সাথে মতবিনিময় করবেন তিনি। দিনপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় একই বিমানে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তার।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -