কবি রেজাউদ্দিন স্টালিন আশির দশকের অন্যতম প্রধান কবি। বাংলাদেশের সমকালীন কাব্যসাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি প্রধানত কবি হিসেবে পরিচিত হলেও একাধারে লেখক, চিন্তক, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব।
কবি রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশের সমকালীন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। যশোর জেলায় জন্ম নেওয়া এই কবি বাংলা কবিতায় আধুনিক মানুষের আত্মানুসন্ধান, মননশীলতা এবং অস্তিত্ববাদী দর্শনের গভীর রূপায়ণ ঘটিয়েছেন। তাঁর কবিতায় গতানুগতিক ধারার বাইরে গিয়ে তীব্র, তীক্ষ্ণ ও অর্থবহ শব্দচয়নের পাশাপাশি সমাজমনস্কতা, দ্রোহ এবং প্রেমের নান্দনিক প্রকাশ লক্ষ্য করা যায়। ফিরিঙ্গি হাওয়া ও দূরত্বের গাছে ফুল-এর মতো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের রচয়িতা এই কবি কেবল বাংলা ভাষার গণ্ডিতেই সীমাবদ্ধ নন, বরং তাঁর সৃষ্টিশীলতা ইংরেজি, ফরাসি, হিন্দি ও আলবেনীয়সহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় অনূদিত হয়ে বিশ্বসাহিত্যে সমাদৃত হয়েছে। বহুমুখী সাহিত্যসাধনা এবং দেশি-বিদেশি নানা সম্মাননায় ভূষিত হওয়ার সুবাদে তিনি আধুনিক বাংলা কবিতার ভাণ্ডারকে এক অনন্য উচ্চতায় সমৃদ্ধ করেছেন।
কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতায় মিথ বা পৌরাণিক উপাখ্যানের ব্যবহার এক বিশেষ শিল্পিত মাত্রা যোগ করেছে, যা তাঁর কাব্যভাষাকে গভীর ও সার্বজনীন করে তুলেছে। আশির দশকের এই শক্তিমান কবি প্রাচীন মিথ ও ঐতিহ্যকে অবিকল বা গতানুগতিকভাবে অনুকরণ না করে আধুনিক যুগের যন্ত্রণাদায়ক বাস্তবতা, সংকট, মানবীয় প্রবৃত্তি এবং অস্তিত্ববাদী জিজ্ঞাসার সঙ্গে অত্যন্ত সুনিপুণভাবে সংযুক্ত করেছেন। তাঁর কবিতায় পৌরাণিক বা ঐতিহাসিক চরিত্র ও প্রসঙ্গগুলো নতুন তাৎপর্যে মূর্ত হয়ে ওঠে। তিনি পৌরাণিক প্রেক্ষাপটকে বর্তমান সময়ের ভাঙন, নিঃসঙ্গতা, রাষ্ট্রীয় ও সামাজিক অসঙ্গতি এবং প্রেমের জটিলতা ফুটিয়ে তোলার রূপক বা অনুঘটক হিসেবে ব্যবহার করেন। এর ফলে তাঁর কাব্যে অতীত ও বর্তমানের এক অপূর্ব মেলবন্ধন রচিত হয়, যা সাধারণ পাঠকে চিন্তার এক নতুন দিগন্তে নিয়ে যায় এবং কবিতাকে বহুমাত্রিক অর্থের দ্যোতনা দান করে।
কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতায় মিথ বা পুরাণের ব্যবহার এক অত্যন্ত স্বকীয় ও নান্দনিক মাত্রা লাভ করেছে। আশির দশকে আবির্ভূত এই তরুণকণ্ঠ কবি আত্মপ্রীতি ও দুঃখবোধকে ছাপিয়ে সময়জ্ঞান, ইতিহাসচেতনা এবং মৃত্তিকা সংলগ্নতার শক্তি দিয়ে তাঁর কালের বৈনাশিকতা ও নষ্ট আক্রোশকে অতিক্রম করতে চেয়েছেন। তাঁর কবিতায় পুরাণের ব্যবহার গতানুগতিক বা যান্ত্রিক নয়; বরং তিনি প্রাচীন পুরাণকে সমকালের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করে তাকে এক সৃষ্টিশীল রূপ দিয়েছেন। সমকালীন জীবন-যন্ত্রণার অভিঘাত ও সুপ্ত সম্ভাবনাকে তিনি পুরাণের স্তরীভূত আবরণে বিদ্যুৎদীপ্তিতে উদ্ভাসিত করেছেন।
কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতার একটি বড় বৈশিষ্ট্য হলো তিনি দূরপ্রসারী ইতিহাস ও পৌরাণিক উৎসধারা থেকে জীবনকে বর্তমানের সীমানায় টেনে আনেন। এই প্রগত ইতিহাসবোধ ও মৃত্তিকামুখী মানবভাবনার কারণে তাঁর কবিতায় মানবজীবন কখনও খণ্ডদৃষ্টির শিকার হয় না, বরং এক সামগ্রিক রূপ লাভ করে। বাসোপযোগী একটি পৃথিবী নির্মাণই তাঁর কবিতাভুবনের পরম অন্বিষ্ট, যা বাস্তব রূপ দিতে তিনি সচেতনভাবে পরিভ্রমণ করেছেন পুরাণের প্রান্তরে। ফলে তাঁর কবিতায় লোকপুরাণ, গ্রিক পুরাণ, ইতিহাস এবং ঐতিহ্য সবকিছু অদ্ভুতভাবে একাকার হয়ে গেছে।
তাঁর কবিতায় প্রাগার্য আমলের আবহ, মহেঞ্জোদাড়োর মৃৎপাত্রের প্রতিভা, কিংবা তিতুমীর, সূর্যসেন মাস্টারদা ও দীনেশ দাশের সাহসিকতার সঙ্গে পৌরাণিক অনুষঙ্গগুলো মিলেমিশে একাকার রূপ নেয়। সামূহিক ভাঙন, সামাজিক অপশক্তির অত্যাচার ও বৈনাশিকতা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় তিনি গ্রিক পুরাণের প্রমিথিউস ও হারকিউলিসের মতো চরিত্রগুলোকে শরণ করেছেন। প্রমিথিউসের শৃঙ্খল ভাঙার চিৎকার কিংবা হারকিউলিসের প্রেম ও প্রতিশোধের রূপায়ন তাঁর কবিতায় দ্রোহ, সংগ্রাম ও বেঁচে থাকার সাহসী মন্ত্র হয়ে ওঠে। স্বকালের উত্তাপ এবং নিজস্ব কবিপ্রতিভার স্পর্শে রেজাউদ্দিন স্টালিন পুরাণকে এমনভাবে ব্যবহার করেছেন যা তাঁর কবিতায় মানবমহিমা, প্রণয় এবং মুক্তির শাশ্বত বাণীকে অত্যন্ত জোরালোভাবে ফুটিয়ে তুলেছে।
ব্যক্তিত্বের প্রতিসরণে প্রতিভাসিত সাহিত্যিক মনন
সমকালীন বাংলা সাহিত্যগগনে কবি রেজাউদ্দিন স্টালিন এক স্বয়ম্ভু ও স্বকীয় স্বত্বা। তিনি প্রথাগত অর্থে অনসূয়া বা বৈরীহীন না হলেও, নিজ প্রতিভার দীপ্তিতে সমুজ্জ্বল ও বিশিষ্ট। তাঁর মননশীল ব্যক্তিত্বের গাঠনিক উপাদানের মধ্যে নিহিত রয়েছে গভীর সংবেদনশীলতা, উন্মুক্ত বিশ্বদৃষ্টি, ঐক্যপ্রবণতা, নৈতিক দৃঢ়তা, আত্মিক নির্মলতা এবং ভাবনাগত বিশুদ্ধতা। নজরুল কিংবা রবীঠাকুরের অমর বাণীর অনুরণনে নয়, নিজস্ব ধারার কাব্যিক প্রতিভা। ‘সাহিত্য ব্যক্তিত্বেরই প্রকাশ’-স্টালিনের কবিত্ব এবং বিশাল সাহিত্যিক পরিমণ্ডল তাঁর অনন্যসাধারণ ব্যক্তিত্বের শিল্পিত ও বহুমাত্রিক রূপায়ণ মাত্র। জীবনের সূচনালগ্ন থেকেই প্রবহমান জীবনযাত্রার সমান্তরালে তাঁর সাহিত্যসাধনা অবিরাম গতিশীল এবং বর্ণিল অভিজ্ঞতায় সমৃদ্ধ।
প্রাত্যহিক জীবনের নানা ব্যস্ততা, প্রাতিষ্ঠানিক প্রাঙ্গণ, পঠন-পাঠন, গ্রন্থনা ও সাংগঠনিক কর্মপ্রবাহের সীমাহীন অনবসরতা সত্ত্বেও তিনি বাংলা সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন পঞ্চাশোর্ধ্ব কাব্যগ্রন্থ, বহুসংখ্যক গদ্য ও শিশুতোষ গ্রন্থ, উপন্যাস ও নাটকের নান্দনিক অবদানে। কবি নজরুল ইনস্টিটিউটের সাথে কর্মসূত্রের নিবিড় যোগ এবং দীর্ঘ চার দশক ধরে জাতীয় সম্প্রচারমাধ্যমে নজরুল বিষয়ক অনুষ্ঠানমালা নির্মাণ ও পরিচালনা ছাড়াও তিনি ‘নজরুলের আত্ম-নৈরাত্ম্য’ গ্রন্থের মাধ্যমে জাতীয় কবির এক অনালোকিত সত্তাকে পাঠকের গোচরীভূত করেছেন। তাঁর সুষমামণ্ডিত গদ্য সাবলীলতায় কবিতার সমতুল্য এবং প্রমিত উদ্ধৃতিযোগ্যতায় অনন্য। তাঁর সাহিত্যিক কীর্তি কেবল স্বদেশে সীমাবদ্ধ নয়; বরং কোলকাতার ‘কবিতীর্থ’সহ দেশি-বিদেশি প্রথিতনামা সাহিত্যিকদের মননে তা উচ্চকিত হয়েছে এবং বিশ্বের ত্রিশটিরও অধিক ভাষায় অনূদিত হয়ে আন্তর্জাতিক পরিসর লাভ করেছে। তাঁর কাব্যগ্রন্থগুলোর নামকরণ-যেমন ‘ফিরিনি অবাধ্য আমি’, ‘পূর্ণ প্রাণ যাবো’, কিংবা ‘অবিশ্রুত বর্তমান’-প্রতীকী ব্যঞ্জনা ও কাব্যিক সুষমায় মণ্ডিত।
মহাকালের কষ্টিপাথরে উত্তীর্ণ কালজয়ী সাহিত্যিকদের মতো রেজাউদ্দিন স্টালিনের অজস্র পঙ্ক্তিও পাঠকমনকে আলোড়িত ও সংজিত করার সুপ্ত শক্তিতে বলীয়ান। তাঁর রচনায় বিধৃত দার্শনিক অনুভব ও চিরন্তন বাণীসমূহ সর্বজনীনতার অপূর্ব দৃষ্টান্ত। মাতৃভাষার প্রতি টহধিাবৎরহম আনুগত্য (‘সোনায় বাঁধা গ্রন্থ দিলে…’), জীবনের শাশ্বত কঠিন পরীক্ষা (‘প্রেম এমন পরীক্ষা…’), মানব অস্তিত্বের নান্দনিক সংকট অথবা প্রতিবাদ ও শূন্যতার নানাবিধ রূপ তাঁর কবিতায় দারুণ শিল্পরূপ লাভ করেছে। চণ্ডীদাস কিংবা নজরুলের মানববন্দনা ও সাম্যবাদী চেতনা কালক্রমে যেমন চিরায়ত আবেদন লাভ করেছে, তেমনি রেজাউদ্দিন স্টালিনের কাব্য সুষমা নির্বাচিত পঙ্ক্তিমালাও সমকাল থেকে উত্তরকালের অভিযাত্রায় শাশ্বত মহিমায় ভাস্বর হওয়ার সকল উপাদানে সমৃদ্ধ। নিবন্ধটির মূল অভিপ্রায় তাঁর মনীষার সামগ্রিক মূল্যায়ন নয়, বরং তাঁর মোহনীয় ব্যক্তিত্বের অনাবিল প্রতিসরণ কীভাবে তাঁর কবিত্ব ও সাহিত্যকীর্তিকে মহিমান্বিত করেছে, তারই এক মননশীল ও সংক্ষিপ্ত অবগাহন।
পৌরাণিক কাহিনী
রেজাউদ্দীন স্টালিনের কাব্যপ্রকৃতি অবারিত ও সীমাহীন; দেশ, সমাজ, প্রকৃতি কিংবা বিশ্বব্রহ্মাণ্ডের কোনো ঘটনাই তাঁর দৃষ্টি এড়ায় না এবং কবিতার প্রতিটি শাখায় তাঁর সাবলীল ও অবাধ বিচরণ লক্ষণীয়। পৌরাণিক প্রেক্ষাপটে বাল্মীকি যেমন তীরবিদ্ধ ক্রৌঞ্চ (রামায়ণের আদি পর্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিখ্যাত ঘটনা) পাখির যন্ত্রণায় ব্যথিত হয়ে অমর পঙ্ক্তি উচ্চারণ করেছিলেন, তেমনি আধুনিককালেও বিশ্বজুড়ে ঘটে চলা অসংখ্য হৃদয়বিদারক ঘটনা এবং সমাজে বিদ্যমান বৈষম্যের বিরুদ্ধে যখন মানবাত্মা মাথা তুলে দাঁড়াতে চায়, তখন সাম্প্রতিক এক নির্মম ঘটনা মানবসভ্যতাকে স্তম্ভিত করে দিয়েছিল। সেই প্রেক্ষাপটে কবির মর্মস্পর্শী উচ্চারণ- “উইপোকার পেটে তলিয়ে যাচ্ছে শ্বাস বাক্স / ঈশ্বরের আসতে দেরি হবে ফ্লয়েড তুমি যাত্রা শুরু করো / স্বর্গ দূরের পথ রক্ত গড়ানো আকাশের ড্রেনে / বুটের বুদ্বুদ নীল ঘোড়ার হেষা নির্জনতা নেমে আসছে মেনিসোটায় / পৃথিবীর সব ২৫ মে শুয়ে আছে ফুটপাতের জিহ্বায়” (আত্মার ইতিহাস) – রেজাউদ্দিন স্টালিন।
গ্রিক, রোমান, মিশরীয়, আরবীয় ও ভারতীয় পৌরাণিক কাহিনীর সুগভীর অধ্যায়ন কবিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে। মিথ কেবল প্রাচীন গাথাই নয়, এর অন্তরে নিহিত রয়েছে ক্ষমতা ও দ্বন্দ্বের ইতিহাস এবং মানবপ্রেমের চিরন্তন ধারা। হোমারের মতো প্রাচীন চারণ কবিদের হাতে যেমন মিথ সাহিত্যরসে উন্নীত হয়েছিল, তেমনি রূপকথার আবহে তা মানুষের জীবনেরই রূপায়ণ হয়ে ওঠে। স্টালিনের কবিতায় মিথের এমন শৈল্পিক ও যথাযথ প্রয়োগ তাঁর বক্তব্যকে আরও শাণিত ও গভীর করে তুলেছে এবং ক্ষেত্রবিশেষে গ্রিক, রোমান ও ভারতীয় মিথের সার্থক সমন্বয়ে তাঁর কবিতা পেয়েছে বহুমাত্রিক ব্যঞ্জনা, যেমনটি দেখা যায় “দগ্ধ একিলিস” কবিতায়। (আমি তাকে চিনি/ তার তারুণ্যের রৌদ্রদিন দেখেছি অনেক/ অক্ষরের বীজ থেকে শস্যদানা মননভূমিতে/ পুত্রের প্রতি মাধ্যাকর্ষণ কী অসীম…) -রেজাউদ্দিন স্টালিন।
তাঁর কবিতা সর্বস্তরের পাঠকের জন্যই উন্মুক্ত; সাধারণ পাঠক যেমন সাবলীলভাবে এর মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তেমনি অনুসন্ধিৎসু পাঠকের জন্য রয়েছে সুগভীর পড়াশোনা ও ইতিহাস-মিথের অন্বেষণের সুযোগ। ‘কতদূর ইথাকা’ কবিতায় তিনি ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমাকে অপূর্ব ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন যেখানে চণ্ডীদাস, কাহ্নপা, জ্ঞানদাস, বিদ্যাপতি, আলাউল থেকে শুরু করে কালিদাস ও মোহাম্মাদ সগীর প্রসঙ্গ এসেছে। বিজ্ঞান ও ইতিহাস চেতনা ব্যতিরেকে সার্থক কবিতা সৃষ্টি অসম্ভব বিধায় সুগভীর ইতিহাসবোধসম্পন্ন কবি আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে মাতাহারির সঙ্গে তুলনা করে উচ্চারণ করেছেন- “এক নাইটিংগেল বুকের রক্তে ফুটিয়েছি রক্তের নীল গোলাপ / আমি জ্বলছি জন্ম আমি মাতাহারি থেকে / তবু পরাজিত হইনি কখনো…” (আমি মাতাহারি) -রেজাউদ্দিন স্টালিন।
একটি স্বাধীন রাষ্ট্র অর্জনের নেপথ্যে রয়েছে অসংখ্য আত্মত্যাগের ইতিহাস এবং ভাষা, স্বাধিকার, সাম্য ও গণতন্ত্রের মূল্য চড়া দামে কিনতে হয়-ইংরেজি প্রবচনের মতো “Freedom is not free”। অথচ অর্জিত এই অমূল্য সম্পদ আমরা প্রায়শই অবহেলায় হারিয়ে ফেলি। প্রতিকূল ও শ্বাসরুদ্ধকর সময়েও কবিরা কখনোই নির্বাক থাকেন না; প্রত্যক্ষ প্রতিবাদের ভাষা যেখানে রুদ্ধ, সেখানে রূপক ও ব্যঞ্জনার আশ্রয়ে কবি কথার তীক্ষ্ণ বাণে সমাজকে সচেতন করার প্রয়াস চালিয়ে যান, যেমনটি ফুটে উঠেছে তাঁর ‘বৈপরীত্য’ ও ‘জীয়নকাঠি’ কবিতায়। কোথায় সেই রাজকুমার/ পঙ্খিরাজ ঘোড়া, / সাত সাগর পেরিয়ে যায়, তীব্র ক্ষুর জোড়া…। এছাড়াও তার নতুন ধারার ককিবতার মধ্যে অন্যতম “চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার? / পৃথিবীতে স্বচ্ছতম আয়না পাওয়াই ভার, পারদ তো নয় কাচের নিচে গভীর অন্ধকার। / চোখের ভেতর মুখ দেখেছি, আয়না কি দরকার?…” – রেজাউদ্দিন স্টালিন
এছাড়া তাঁর কাব্যে উদ্ভাসিত হয়েছে অন্তহীন জীবনবোধ ও অন্তর্নিহিত যন্ত্রণাবোধ, যা তাঁকে পাঠকের সমহৃদয় করে তোলে। মানবজীবনের প্রেম, স্বপ্ন, প্রত্যাশা, সুখ ও বিষাদের নিখুঁত বিশ্লেষণ তাঁর কবিতায় মূর্ত হয়ে উঠেছে যেখানে জীবন, মৃত্যু, প্রেম, স্মৃতি ও স্বপ্ন এক অনন্য দার্শনিক রূপ লাভ করেছে। মননশীল ও মানবিক এই কবিকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ অভিনন্দন। আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখে প্রিয় কবির শুভ জন্মদিনের অগ্রীম কাব্যিক শুভেচ্ছা জানাই।
সৈয়দ রনো
সম্পাদক
আলোকিত প্রতিদিন

