আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের কেশম দ্বীপে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান ছিল ‘আত্মরক্ষামূলক’।
গতকাল ১৭ নভেম্বর মঙ্গলবার কেশম দ্বীপে মার্কিন বাহিনী অভিযান পরিচালনা করেছে বলে ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) দু’জন কর্মকর্তা। একজন কর্মকর্তা বলেছেন, “আজ (মঙ্গলবার) দিনের শুরুর দিকে, মার্কিন যুদ্ধবিমানগুলো আত্মরক্ষার খাতিরে কেশম দ্বীপে অবস্থিত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।”
ওই কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং সম্পদ লক্ষ্য করে আইআরজিসি’র আগ্রাসনের জবাবে পরিচালনা করা হয়েছে এ অভিযান। পুরো অঞ্চলে মার্কিনিদের সুরক্ষার জন্য সেন্টকম অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং মোকাবিলায় প্রস্তুত আছে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে আইআরজিসি। যুদ্ধ অবসানের প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও, জুলাই মাস থেকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মাঝে মাঝেই সংঘাত ছড়িয়ে পড়ছে।
অতি সম্প্রতি বাহরাইনের বিমান ঘাঁটি এবং মার্কিন সেনাঘাঁটির রাডার সিস্টেম লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি।
সূত্র : আনাদোলু এজেন্সি
আলোকিত প্রতিদিন /১৮ নভেম্বর /২০২৬/মওম

