শহিদুল্লাহ সরকার:
পোশাকশ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির প্রভাবে সাভার ও আশুলিয়ার অন্তত ২৫টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে বুধবার (১৮ নভেম্বর) ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। অন্যদিকে, ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরেই অবস্থান করছেন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে যাওয়ায় ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দিনও ১৩টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে বর্তমানে অন্তত ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় স্বাভাবিক নিয়মেই উৎপাদন চলছে।
এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পাশাপাশি সড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন পোশাক কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /১৮ নভেম্বর /২০২৬/মওম

