আজ , ।   

ভারতে বসে বাংলাদেশকে অ*স্থিতিশীল করার ষ*ড়য*ন্ত্র চলছে: রিজভী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

১৮ নভেম্বর বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তারা কলকাতা, দিল্লি এবং ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, আবারও বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজি করে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। তবে যে জাতি মওলানা ভাসানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো যাবে না।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম এবং শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে ও ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে উল্লেখ করে রিজভী বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। তার সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক এবং প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আলোকিত প্রতিদিন /১৮ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -