আজ , ।   

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিলো দক্ষিণ আফ্রিকা

আরো খবর

৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অস্বস্তির মধ্যে পড়েছিল। তখনও বাংলাদেশের চেয়ে তারা ২৪ রানে পিছিয়ে ছিল। এদিন একটি শতাধিক ও চল্লিশোর্ধ্ব দুটি জুটিতে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

৭ উইকেটে ৩৮৬ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তখনও তারা ১৪ রানে পিছিয়ে। চতুর্থ দিন রিকেলটন ও কাগিসো রাবাদার অনবদ্য জুটিতে তারা চ্যালেঞ্জিং লিড নিয়েছে। অথচ বাংলাদেশ এই ইনিংসে চতুর্থ ক্যাচ না ফেললে এবং হাসান মাহমুদের উইকেট নেওয়া বলটি নো না হলে গল্পটা ভিন্ন হতে পারত।

৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রানে রাবাদা খেলতে নামেন। রিকেলটন তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে থেমেছেন। টানা দ্বিতীয় ম্যাচে শতক ছুঁলেন এই ব্যাটার। নবম উইকেটে রাবাদার সঙ্গে ১১৭ রানের জুটি গড়েন তিনি। এরপর বাংলাদেশি ফিল্ডারের হাত ফসকে জীবন পেয়ে রাবাদা ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন। অথচ ৩৮ রানেই তার মাঠ ছাড়ার কথা। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে চারের দেখা পান তিনি।

রিকেলটন প্যাভিলিয়নে ফিরলে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া টেম্বা বাভুমা মাঠে নেমে এক রান করে ফিফটির দেখা পান। রাবাদা এদিন মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকার হন আগের দুই বলে টানা দুটি ছক্কা মেরে। ৯৩ বলে রাবাদা ৭২ রান করে আউট হন। ১০টি চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। তার ক্যাচটি নিয়ে আটটি ডিসমিসালের দেখা পান লিটন দাস, যা এক ইনিংসে বিশ্ব রেকর্ড।

ডেন প্যাটারসন এবং বাভুমা শেষ জুটিতে আরও ৪৫ রান যোগ করেন। ১১ রানে প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দেন হাসান। কিন্তু নো বলের কারণে তার পঞ্চম উইকেট নেওয়া হয়নি। জীবন পেয়ে এই লেজের ব্যাটার পরের দুই ওভারে ছয় ও চার মারেন। অবশেষে তাদের জুটি ভাঙে দলগত ৫৫৭ রানে। ২৭ বলে ২৯ রানে ইবাদত হোসেনের শিকার হন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত ছিলেন বাভুমা।

হাসান সর্বোচ্চ চার উইকেট নেন। মিরাজ ও তাসকিন পান দুটি করে উইকেট। তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল।

আলোকিত প্রতিদিন /১৮ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -