বিনোদন: গত কয়েক মাস ধরেই বিচ্ছেদ ও নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে। তবে এসব নিয়ে এত দিন নীরব ছিলেন তিনি। অবশেষে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, তাঁর নতুন সম্পর্ক হয়েছে। তবে সেটি কোনো ব্যক্তির সঙ্গে নয়।
সম্প্রতি একটি আয়োজনে ব্যক্তিগত প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন সাবিলা। বিচ্ছেদ নিয়ে কোনো উত্তর না দিলেও নতুন সম্পর্কের প্রসঙ্গটি কৌশলে এড়িয়ে যাননি। বরং ভিন্নভাবে সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
সাবিলা নূর বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবরটা আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সব সময় আমার সঙ্গে থাকে।
গত বছর থেকে বড় পর্দায় নিয়মিত হচ্ছেন সাবিলা। প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ সহশিল্পী হিসেবে পেয়েছেন শাকিব খানকে। এর মধ্যে নতুন সিনেমায়ও যুক্ত হয়েছেন তিনি। ‘কানাভুলা প্যারাডক্স’-এর গল্প ভালো লাগায় কাজটিতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে শুধু নিয়মিত কাজ করার বিষয়টি নয়, গল্পই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার মধ্য দিয়ে আবারও শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিলা। এর আগে তাঁরা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। নতুন সিনেমার প্রস্তুতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত সিনেমা দেখছেন সাবিলা। বিশেষ করে ভৌতিক সিনেমার প্রতি তাঁর আলাদা আগ্রহ রয়েছে। সম্প্রতি দেখেছেন ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’।
টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও আপাতত ছোট পর্দায় অনিয়মিত সাবিলা। দুই বছরের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন না। তবে নাটক থেকে একেবারে সরে যাওয়ার পরিকল্পনা নেই তাঁর।
আলোকিত প্রতিদিন/এপি

