আজ , ।   

টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র

আরো খবর

১৫ কোটি ৭১ লাখ টাকার প্রকল্পে খাল উদ্ধার, সৌন্দর্যবর্ধন ও আধুনিক ওয়াকওয়ে নির্মাণ।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ পৌরসভার ঐতিহ্যবাহী কায়ুকখালী খালের সংস্কার, খনন, অবৈধ দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে নেওয়া এ প্রকল্প ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৩ দশমিক ৩১ কিলোমিটার দীর্ঘ কায়ুকখালী খালের খনন ও সংস্কারের পাশাপাশি খালপাড়ের সৌন্দর্যবর্ধন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাউদার্ন চট্টগ্রাম রিজিওনাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এ উপপ্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৭১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

প্রকল্পের আওতায় তিনটি পুকুরের সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে। এর মধ্যে রয়েছে টেকনাফ মডেল থানা পুকুর, কাদের হোসেনের পুকুর এবং ইসলামাবাদে কায়ুকখালী খালের পশ্চিম প্রান্তের খোলা জায়গায় একটি দৃষ্টিনন্দন পুকুর নির্মাণ। এ ছাড়া ইসলামাবাদ থেকে নাফ নদী পর্যন্ত আধুনিক পথচারী চলাচলের ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নাগরিক সুবিধা বাড়াতে আরসিসি ব্রিজ, ফুটওভার ব্রিজ, ল্যান্ডস্কেপিং এবং পুরো এলাকায় পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এসব অবকাঠামো বাস্তবায়িত হলে খালকেন্দ্রিক যোগাযোগব্যবস্থা, পরিবেশ ও নগরসৌন্দর্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পটি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক প্রতিনিধিরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বাস স্টেশন বণিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, “পৌরসভার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কোনো ধরনের দুর্নীতি ছাড়া প্রকল্পটির সঠিক বাস্তবায়ন হওয়া জরুরি। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে পুরো এলাকার দৃশ্যপট বদলে যাবে এবং সাধারণ মানুষ দীর্ঘমেয়াদি সুফল পাবেন।”

ছাত্র প্রতিনিধি রুবায়েদ হাসান বলেন, “খালকে দূষণমুক্ত ও অবৈধ দখলমুক্ত রাখা এবং খালের প্রকৃত পরিমাপ যথাযথভাবে সংরক্ষণের দাবিতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছিলাম। প্রকল্পের কাজ বাস্তবায়নে অনিয়ম বা দুর্নীতি চোখে পড়লে সচেতন সমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

টেকনাফ প্রেসক্লাবের সদস্যসচিব সাংবাদিক সাইফুল ইসলাম সাইফি বলেন, “এটি টেকনাফ পৌরসভাকে বদলে দেওয়ার একটি বড় সুযোগ। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কায়ুকখালী খাল এলাকা দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। এতে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরাও আকৃষ্ট হবেন।”

ছাত্র প্রতিনিধি মোশেদ আলম বলেন, “দেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফের জিরো পয়েন্টে আসা পর্যটকেরা যেন স্মৃতির অ্যালবামে নান্দনিক কিছু ধরে রাখতে পারেন, সে জন্য গোলচত্বর, ঝর্ণা চত্বর ও শাপলা চত্বরকে বিশেষ স্থাপত্যশৈলী, মিনার ও দৃষ্টিনন্দন নকশার মাধ্যমে সাজানো প্রয়োজন।”

টেকনাফ পৌরসভার তদারকি কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীন আহমদ বলেন, “প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কায়ুকখালী খালের চিত্র সম্পূর্ণ বদলে যাবে। শহরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি এটি পৌরবাসীর জন্য আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। নির্ধারিত নিয়ম মেনে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও জানান, ২০২৭ সালের ২৯ নভেম্বরের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -