সৈয়দ এনামুল হুদা, ঢাকা: একই ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ। বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থার শৃঙ্খলা রক্ষা এবং পেশাগত মর্যাদা সুরক্ষার দাবিতে সংগঠনটি পাঁচ দফা দাবি ও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মোঃ নেছারুল হক, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব কাজী মাওলানা মো. সেলিম রেজাসহ ঢাকা সিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে একই ইউনিয়নে তিনজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের এ পদে সুযোগ দেওয়ার প্রস্তাব বাস্তবায়িত হলে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে এবং পেশাগত অস্থিরতা তৈরি হবে।
বক্তারা আরও বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন একটি অত্যন্ত সংবেদনশীল এবং ইসলামী শরিয়াহ সংশ্লিষ্ট বিষয়। তাই এ পেশায় শরিয়াহ ও মুসলিম পারিবারিক আইনে দক্ষ আলেম-ওলামাদের নিয়োগ নিশ্চিত করা জরুরি। এছাড়া বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির তুলনায় নিবন্ধন ফি অত্যন্ত অপ্রতুল হওয়ায় সীমিত আয়ে নিকাহ রেজিস্ট্রারদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলন থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বহাল রেখে এক ইউনিয়নে তিন কাজী নিয়োগের সিদ্ধান্ত বাতিল; মৃত বা অবসরপ্রাপ্ত রেজিস্ট্রারদের শূন্য পদে যোগ্য উত্তরাধিকারীকে সরাসরি লাইসেন্স প্রদান; ২০০৯ সালের বিধিমালার ২১ বিধি সংশোধন করে বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি; নিয়োগের ক্ষেত্রে পূর্বের শিক্ষাগত যোগ্যতা বহাল রেখে আলেম-ওলামাদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং নতুন বিধিমালা প্রণয়ন কমিটিতে নিকাহ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
দাবি আদায়ে সংবাদ সম্মেলন থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করবেন নিকাহ রেজিস্ট্রাররা। এরপর মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
বিধিমালা চূড়ান্ত করার আগে আলোচনায় বসার আহ্বান জানিয়ে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন সংগঠনটির নেতারা।
আলোকিত প্রতিদিন/এপি

