অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার বিকেলের দিকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (সিআরইউ)। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে নগরের সিএমপি অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। পাঁচলাইশ থানায় মামলাটি হওয়ার পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন তখন।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আজ সকালে এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি) জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে।
সেগুলো হলো- ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরেই জানবাজি রেখে সবাই মাঠে নামবে’।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদরদপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
আলোকিত প্রতিদিন/এপি

