আন্তালিয়া (তুরস্ক) থেকে রাজু আহমেদ : বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দাবি ও প্রত্যাশা নতুন করে সামনে এসেছে। তুরস্কের আন্তালিয়ায় চলমান ৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের সুযোগ পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, ঋণমুক্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে দেশটি।
তবে সম্মেলনে উত্থাপিত দাবির কতটুকু বাস্তবায়িত হবে এবং প্রতিশ্রুত অর্থায়ন কত দ্রুত বাংলাদেশের হাতে পৌঁছাবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ৯নভেম্বর শুরু হওয়া কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অধিকার ও ন্যায্য অর্থায়নের প্রশ্নে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হচ্ছে। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেন। এতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণভার কমানো, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বাংলাদেশের জন্য সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) অ্যারাইজ (ARISE) কর্মসূচির মাধ্যমে।
১২ নভেম্বর ঘোষিত এ কর্মসূচির প্রথম পর্যায়ে বাংলাদেশসহ পাঁচটি দেশ নির্বাচিত হয়েছে। এর আওতায় প্রতিটি দেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরির সুযোগ পাবে। বাংলাদেশের ক্ষেত্রে উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা,জলবায়ুসহিষ্ণু কৃষি সম্প্রসারণ এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। তবে এই অর্থায়ন এখনই বাংলাদেশের হাতে পৌঁছেছে, বিষয়টি এমন নয়। নির্বাচিত হওয়ার ফলে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন ও অর্থায়ন পাওয়ার পরবর্তী প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে এটিকে নিশ্চিত অর্থপ্রাপ্তির পরিবর্তে সম্ভাব্য অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
জলবায়ু অর্থায়নে বাংলাদেশের অন্যতম প্রধান দাবি ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর ক্ষতিকর প্রভাব বহন করতে হচ্ছে দেশের উপকূলীয় জনগোষ্ঠী, কৃষক ও সাধারণ মানুষকে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা ও খরার কারণে দেশের অর্থনীতি ও জনজীবনে বাড়ছে চাপ। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
উন্নয়নশীল দেশগুলোর জন্য আধুনিক প্রযুক্তি সহজলভ্য করা না গেলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দেবে না। বাংলাদেশের কৃষি, শিল্প, পরিবহন ও জ্বালানি খাতে পরিবেশবান্ধব রূপান্তরের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন, নিরাপদ পানির সংকট, খাদ্যনিরাপত্তা এবং উপকূলীয় অবকাঠামো সুরক্ষার বিষয়গুলোও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন বাড়ানো না গেলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দেশের নিজস্ব উদ্যোগ যথেষ্ট হবে না।
কূটনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কপ-৩১ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তবে আন্তর্জাতিক সম্মেলনে প্রস্তাব উত্থাপন কিংবা অর্থায়নের সুযোগ সৃষ্টি হওয়াই চূড়ান্ত অর্জন নয়। অর্থ ছাড়, প্রকল্প বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছানোই হবে প্রকৃত সাফল্যের মাপকাঠি।সব মিলিয়ে কপ-৩১ থেকে বাংলাদেশ একটি সম্ভাবনাময় অর্থায়নের সুযোগ এবং জলবায়ু ন্যায্যতার প্রশ্নে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরার ক্ষেত্র পেয়েছে। এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে এ সুযোগকে বাস্তব অর্থায়নে রূপান্তর করা। সম্মেলনের বাকি সময়ে আরও কার্যকর সহযোগিতা আদায় এবং দেশে ফিরে সেই অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারলেই জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের জন্য কপ-৩১-এর অর্জন অর্থবহ হয়ে উঠবে।

