প্রতিনিধি,মানিকগঞ্জ:
নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি বেসরকারি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঘিওর আধুনিক হাসপাতাল, ইউনিক মেডিকেল সেন্টার ও এভারগ্রীন মেডিকেল সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। এ সময় ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ধার্য করেন।
অভিযানে ঘিওর আধুনিক হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালটিতে নারী ও পুরুষের জন্য পৃথক কেবিন বা ওয়ার্ড না থাকা, নরমাল ডেলিভারি রুম না থাকা, অপারেশন থিয়েটারের (ওটি) নোটে চিকিৎসকের নাম উল্লেখ না করা, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে অনিয়ম এবং প্যাথলজি বিভাগে নিয়মবহির্ভূতভাবে পরীক্ষা-নিরীক্ষা করার প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া এভারগ্রীন মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং অতিরিক্ত দামে পরীক্ষা-নিরীক্ষা করার অভিযোগ পাওয়া যায়।
অন্যদিকে, ইউনিক মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত দামে পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম বলেন, সিভিল সার্জনের সঙ্গে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের প্রতিটি মানুষ যাতে নিয়মিত এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এর অংশ হিসেবে ঘিওরে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর কোনোটিই স্বাস্থ্যসেবা দেওয়ার উপযুক্ত নয়। সাধারণ মানুষের সঙ্গে এভাবে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হয়েছে।
আলোকিত প্রতিদিন /১২ নভেম্বর /২০২৬/মওম

