আজ , ।   

ভাঙ্গার আলোচিত তহসিলদার বদিউজ্জামানের দুর্নীতির সাম্রাজ্য

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) বদিউজ্জামান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেবাগ্রহীতাদের চরম হয়রানি, ঘুষ বাণিজ্য, জমি জবরদখল ও প্রশাসনিক অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে সম্প্রতি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন। এরই মধ্যে সাব-রেজিস্ট্রি অফিসের একাধিক সাফ কবলা দলিল ও নথিপত্র পর্যালোচনা করে তহসিলদার বদিউজ্জামান ও তাঁর ঘনিষ্ঠজনদের নামে থাকা কোটি কোটি টাকার ভূ-সম্পত্তির তথ্য বেরিয়ে এসেছে।

সাব-রেজিস্ট্রি অফিসের নথিপত্র অনুযায়ী, অভিযুক্ত মো. বদরুদ্দোজা খান ওরফে বদিউজ্জামান বদু’র পিতার নাম মরহুম আব্দুল মজিদ খান এবং মাতার নাম মাহী খাতুন। ১৯৬৯ সালের ২০ ডিসেম্বর জন্ম নেওয়া এই কর্মকর্তার পেশা হিসেবে নথিতে ‘চাকরি’ উল্লেখ রয়েছে। নথিতে তাঁর স্থায়ী ঠিকানা ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাটিকামারী ডাকঘরের নিখুড়হাটী গ্রাম এবং বর্তমান ঠিকানা হিসেবে আজিমপুর সরকারি কলোনি, লালবাগ, ঢাকা উল্লেখ করা হলেও অনুসন্ধানে জানা যায়, তাঁর মূল পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায়। অনুসন্ধানে দেখা গেছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ও সম্পদের তথ্য আড়াল করতে তহসিলদার বদু নিজের পাশাপাশি স্ত্রী, ভাই লিয়াকত আলী খান এবং ঘনিষ্ঠ সহযোগী মো. নাঈম হোসেন (টুটুল), বিপুল কুমার দাস ও সেলিম রেজাসহ একাধিক ব্যক্তির নামে দলিল রেজিস্ট্রি করিয়েছেন।

নথিপত্রে পাওয়া উল্লেখযোগ্য সম্পত্তির মধ্যে সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিলের (নং ২৩৭০) মাধ্যমে ১০.০৫ শতাংশ বাড়ি এবং ২.০৭ শতাংশ নাল জমি হস্তান্তর করা হয়, যার সংশোধিত সরকারি প্রদর্শিত মূল্য ১ কোটি ৮০ লক্ষ ৬৩ হাজার ৭০ টাকা। এছাড়া ভাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল নং ৫০০৬ (তারিখ: ২১/০৭/২০১৮) মূলে ৫৫ নম্বর সদরদী মৌজায় ৮.২৫ শতাংশ নাল জমি কেনা হয় ২৩ লক্ষ টাকায় এবং দলিল নং ২২০২ মূলে একই মৌজায় ২০ শতাংশ নাল জমি হস্তান্তরের বিবরণ রয়েছে ২৬ লক্ষ টাকায়। সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর স্বজনদের নামে আরও অন্তত পাঁচটি দলিলের তথ্য পাওয়া গেছে, যার রেজিস্ট্রিকৃত আর্থিক মূল্য প্রায় এক কোটি টাকা। সব মিলিয়ে সরকারি নথিতেই এসব সম্পত্তির আর্থিক মূল্য ৩ কোটি ৩০ লক্ষ টাকারও বেশি দেখানো হয়েছে, যার বর্তমান বাজারমূল্য বহুগুণ বেশি।

প্রাপ্ত অভিযোগ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাপুড়িয়া সদরদি এলাকায় জমি ক্রয়ের মূল অর্থদাতা তহসিলদার বদু নিজে হলেও প্রতারণার আশ্রয় নিয়ে দলিলে আরও পাঁচজন সহযোগীর নাম অন্তর্ভুক্ত করেন। জমি ক্রয়ের পর সেখানে দ্রুত একটি অস্থায়ী ছাপরা ঘর নির্মাণ করে কৌশলগতভাবে তা রেললাইন প্রকল্পের অধিগ্রহণের আওতায় ফেলা হয় এবং ওই ছাপরা ঘরের ক্ষতিপূরণের অর্থ তিনি ও তাঁর সহযোগীরা মিলে উত্তোলন করে নেন। শুধু তাই নয়, মূল জমির অধিগ্রহণের সম্পূর্ণ অর্থও প্রকৃত অংশীদারদের বঞ্চিত করে আত্মসাতের চেষ্টা চালান এই কর্মকর্তা। ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হলেও গত দুই বছর ধরে ক্ষমতার দাপট দেখিয়ে ক্ষতিপূরণের টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে রহস্যজনক ক্ষমতার জোরে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পৌর ও ইউনিয়ন ভূমি অফিসে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন বদিউজ্জামান। বারবার বদলি হলেও অদৃশ্য প্রভাবে কয়েক দিনের মাথায় তিনি আবার ভাঙ্গায় ফিরে আসেন। ঘুষ ও দুর্নীতির টাকায় তিনি ফরিদপুর শহর এবং ভাঙ্গার ছিলাধরচর সদরদীতে বিলাসবহুল বহুতল ভবন নির্মাণ করেছেন। সেবাগ্রহীতাদের নামজারির (মিউটেশন) জন্য ৫ থেকে ১০ হাজার টাকা দাবি করা এবং ফাইল আটকে রাখা তাঁর নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা বদিউজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং জানান যে, তাঁর কোনো বক্তব্য নেই, অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে হবে। এ প্রসঙ্গে ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল্লাহ জানান, বিষয়টি তাঁর জানা রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে; দোষ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -
- Advertisement -