নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুরো একটি দল পালিয়ে গেছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়া বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে উদাহরণ দেওয়া যায় এবং মিলেও যায়।
আজ বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি। তেমনই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।
বাস পোড়ানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তখন সকাল ১০টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগের হরতালে শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করে। গানপাউডার দাহ্য পদার্থ হওয়ায় বাসটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার ন্যূনতম সুযোগ পাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন তিনি ফিরলে নাকি জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।
আলোকিত প্রতিদিন/এপি

