বিনোদন ডেস্ক: নায়িকা মাহিয়া মাহি রয়েছেন ভারতের কলকাতায়, আর নায়ক সাইমন সাদিক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। দুজনের কেউই এখন দেশে নেই।
তবে তাদের অনুপস্থিতি বাধা হয়ে দাঁড়াচ্ছে না নতুন সিনেমা মুক্তিতে। দীর্ঘ অপেক্ষার পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাইমন-মাহি অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’। আগামী ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নায়ক-নায়িকা দেশের বাইরে থাকলেও সিনেমার প্রচারণা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন নির্মাতা।
তার বিশ্বাস, সিনেমাটি শেষ পর্যন্ত দর্শকের কাছে পৌঁছাবে এবং দর্শকেরাই এর মূল্যায়ন করবেন বলৈ তিনি জানান। একসময় ঢালিউডের ব্যস্ততম নায়িকাদের একজন ছিলেন মাহিয়া মাহি। তবে গত দুই বছরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। সর্বশেষ ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন মাহি।
এর আগে ‘বুবুজান’ সিনেমায় অভিনয় করেছিলেন কেন্দ্রীয় চরিত্রে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন এই অভিনেত্রী। অংশ নিয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনেও। নির্বাচনে পরাজয়ের পর আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু এরপর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।
অন্যদিকে ২০২৫ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান চিত্রনায়ক সাইমন সাদিক। এরপর থেকে দেশেই ফেরেননি তিনি। এর মধ্যে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তে তার অভিনয়ের খবরও সামনে এসেছে। দীর্ঘদিন পর এবার মাহির সঙ্গে তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, এখন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে ৩৪টি প্রদর্শনী চূড়ান্ত হয়েছে। মাল্টিপ্লেক্সে কতটি প্রদর্শনী পাওয়া যাবে, তা আজ-কালের মধ্যে জানা যাবে।
নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে থাকায় প্রচারণায় কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে নির্মাতা বলেন, ‘নায়ক-নায়িকা দেশে না থাকলেও তারা ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এমনিতেও দেশে থাকলে প্রতিষ্ঠিত বেশির ভাগ শিল্পী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রচারণা চালান। তারা না থাকায় তাই খুব একটা সমস্যা মনে করছি না। তা ছাড়া ছবিটি বেশ কিছুদিন ধরে মুক্তি দেব দেব করেও দেওয়া হচ্ছিল না। এখন ভাবছি, আর দেরি না করি। দর্শকের জন্য বানানো ছবি তাদের কাছে পৌঁছে দিই, তারা দেখে বলুক, কেমন লাগছে।’
এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘জান্নাত’-এর পর সাইমন-মাহিকে নিয়ে এটি আমার দ্বিতীয় সিনেমা। আগের ‘আনন্দ অশ্রু’র গল্পের সঙ্গে এই সিনেমার গল্পের কোনো মিল নেই। সম্পূর্ণ আলাদা গল্পে নির্মাণ করেছি। নামের ওজন আছে, তবে চাপ নেই। চেষ্টা করেছি ভালো একটি সিনেমা বানাতে। বাকিটা দর্শক দেখে তাদের মতামত জানাবেন।’
পরিচালক হিসেবে মোস্তাফিজুর রহমান মানিকের এটি ১২তম সিনেমা। প্রায় দুই বছর আগেই ছবিটির সেন্সরসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। তবে মুক্তির উপযুক্ত সময়ের অপেক্ষায় এত দিন সিনেমাটি আটকে ছিল। অবশেষে অভি কথাচিত্রের পরিবেশনায় প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।
এর আগে সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন। নতুন ‘আনন্দ অশ্রু’তে সাইমন-মাহি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী।
আলোকিত প্রতিদিন/এপি

