আজ , ।   

দুই দিনের আল্টিমেটাম নিকাহ রেজিস্ট্রারদের: দাবি না মানলে আইনমন্ত্রীর পদত্যাগের আন্দোলনের হুঁশিয়ারি

আরো খবর

সৈয়দ এনামুল হুদা: অধিক্ষেত্র হ্রাস সংক্রান্ত বিধিমালা সংশোধনের পাঁয়তারা বন্ধ ও নতুন আইন প্রণয়নের চক্রান্ত বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন পালন করেছেন দেশের মুসলিম নিকাহ রেজিস্ট্রারগণ।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩ হাজার মুসলিম নিকাহ রেজিস্ট্রার অংশ নেন।

মানববন্ধন থেকে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দুই দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যৌক্তিক দাবি মানা না হলে আইনমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ২০০১-২০০৬ সালের বিএনপি সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ যে বিধিমালা তৈরি করে কাজীদের অধিক্ষেত্র নির্ধারণ করেছিলেন, সেই আইন ও অধিক্ষেত্রই বহাল রাখতে হবে। অথচ বিগত ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে আলেম-ওলামা ও নিকাহ রেজিস্ট্রাররা চরমভাবে নিগৃহীত হয়েছেন। সে সময় বিধিবহির্ভূতভাবে লাইসেন্স বাতিল এবং ভুয়া মামলা ও জেল-জুলুম দিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে। দেশের পটপরিবর্তনের পর বর্তমান সরকারের কাছে আলেমসমাজ ন্যায়বিচার ও পেশাগত সুরক্ষা প্রত্যাশা করেছিল। কিন্তু দুঃখজনকভাবে কাজীদের অধিক্ষেত্র কর্তন ও নতুন আইন প্রণয়নের মাধ্যমে তাদের রুটি-রুজির পথ বন্ধের যে চক্রান্ত চলছে, তা অত্যন্ত হতাশাজনক।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইনমন্ত্রী বরাবর ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপির মূল দাবিসমূহ হলো: ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সংশোধিত বিধিমালা অনুযায়ী বর্তমানে ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’-এর ১৩ ধারা মোতাবেক যে অধিক্ষেত্র বহাল আছে, কাজীদের অবসরকালীন সময় পর্যন্ত তা অপরিবর্তিত রাখা।

নির্দিষ্ট কোনো অবসরকালীন भत्ता না থাকায় অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা।কাজীদের অবসর বা মৃত্যুর পর তাদের যোগ্য পুত্রদের অগ্রাধিকারের ভিত্তিতে সরাসরি নিয়োগের বিধান করা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন ফি, নকল ফি ও কমিশন ফি বাড়ানো। নোটারি পাবলিকের মাধ্যমে বেআইনি বিবাহ ও তালাক হলফনামা সম্পাদন পুরোপুরি বন্ধ করা।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের অযথা হয়রানি করা থেকে বিরত থাকা।

মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ্ মো. নেছারুল হক, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা কাজী মো. নজরুল ইসলাম তালুকদার এবং মহাসচিব মাওলানা কাজী মো. সেলিম রেজাসহ সারাদেশ থেকে আগত কাজী নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আগামী দুই দিনের মধ্যে কাজীদের অধিক্ষেত্র কর্তনসহ বিতর্কিত আইন প্রণয়নের উদ্যোগ বন্ধ না করা হলে সারাদেশে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -