শহীদুল ইসলাম রুবেল:
জাতীয় যুব দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভা, উদ্যোক্তাদের স্টল প্রদর্শনী ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রবিবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোনা এই কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব ভবনে গিয়ে শেষ হয়। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেখানে বেলুন উড়িয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম উদ্বোধন করেন নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। সকাল ১১টায় যুব ভবনে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ এর প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব সংগঠক সাংবাদিক দিলওয়ার খান, নারী উদ্যোক্তা তাসলিমা আক্তার রিমি, উদ্যোক্তা আফরোজা আক্তার লিজা, ফ্রি-লেন্সার ইমতিয়াজ ইউশা, স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান ও প্রশিক্ষক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝ থেকে একজন যুবক ও তিন যুবতীকে ঋণের চেক বিতরন ও সনদ পত্র প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন /০১ নভেম্বর /২০২৬/মওম

