নিজস্ব প্রতিনিধি: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি পুলিশ বক্সে আগুন দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ রোববার সকালে এ বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। এরপর তারা কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আজ সকাল থেকেই শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হবে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের মাঝে থাকা পুলিশ বক্সে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ বক্সের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন দেন শ্রমিকরা।
আলোকিত প্রতিদিন/এপি

