বাজার বনিক সমিতি থেকে নিয়মিত পাহারাদার নিয়োজিত থাকলেও থামছে না চুরি, পুলিশের তৎপরতা জোরদারের দাবি।
তারেকুল হাসান তারেক, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার উত্তর বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সের দোকানে আজ ৩১ অক্টোবর রোজ শনিবার চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক আল আমিন ঝুমন এর সাথে কথা বলে জানা যায় এ ঘটনায় তার প্রায় ১০ লক্ষ টাকার মালা মাল চুরি হয়েছে।
নকলা বাজারে হঠাৎ করেই চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিকট অতীতেও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক চুরির ঘটনা ঘটেছে। আজকের এই ঘটনায় ব্যবসায়ী মহলে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ব্যবসায়ীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নকলা বণিক সমিতির উদ্যোগে প্রতিরাতে বাজার পাহারার জন্য পাহারাদার নিযুক্ত করা হয়েছে। নিয়মিত পাহারার ব্যবস্থা থাকার পরও একের পর এক চুরির ঘটনা ঘটায় বাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। তাঁদের মতে, শুধু পাহারাদার নিয়োগ করলেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল, কার্যকর নজরদারি এবং চুরির ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ প্রয়োজন।
এদিকে বাজারে ধারাবাহিক চুরির ঘটনা ঘটলেও পুলিশের তৎপরতা ও দৃশ্যমান নিরাপত্তা কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন বলেও জানিয়েছেন কয়েকজন স্থানীয় ব্যবসায়ী।
এ ঘটনায় নকলা বাজার বনিক সমিতির আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, নকলা বাজারের সকল ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এই ধরনের অপকর্ম কিভাবে ঠেকানো যায় সে বিষয়ে কাজ করবেন। তিনি আরও জানান, প্রশাসন ইতিমধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছেন।
নকলা বাজারের সাধারণ ব্যবসায়ীদের দাবি, রাতের বেলায় পুলিশের টহল আরও জোরদার করতে হবে এবং চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
ব্যবসায়ীদের আশঙ্কা, এভাবে চুরির ঘটনা চলতে থাকলে তাঁদের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই নকলা বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাতের পাহারাব্যবস্থা কার্যকর করা এবং পুলিশের নিয়মিত টহল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
নকলা বাজার শুধু ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র নয়, এটি উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেরও অন্যতম প্রাণকেন্দ্র। তাই এই বাজারের নিরাপত্তা নিশ্চিত করা শুধু ব্যবসায়ীদের নয়, সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব।
ধারাবাহিক চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নকলা বণিক সমিতি, থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।
আলোকিত প্রতিদিন/এপি

