আহম্মেদ আল ইভান ও রবিউল হাসান রাজিব:
জনগণের অধিকার রক্ষার জন্য আমরা মাঠে নেমেছি। এ লড়াই জনগণের লড়াই, এ লড়াই মুক্তির লড়াই। দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।’ শনিবার ফরিদপুরের ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে পৌঁছায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের গাড়িবহর। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘ভাঙ্গাবাসী কেমন আছেন? ফরিদপুরের ভাঙ্গাকে গড়তে হবে। সারা দেশেরই কোমর ভাঙা। তাই বাংলাদেশকে সংস্কার করতে হবে, মেরামত করতে হবে।
তিনি বলেন, ‘আমরা জনগণের অধিকার রক্ষার জন্য মাঠে নেমেছি। এ লড়াই জনগণের লড়াই, এ লড়াই মুক্তির লড়াই। দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’
এ সময় উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে হ্যাঁ সূচক জবাব দেন। পরে তিনি বলেন, আপনারা রাস্তায় নেমে আমাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। আমাদের উষ্ণ অভিনন্দন জানানোর জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই।
লংমার্চের সাত দফা দাবির মধ্যে রয়েছে, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।
সরেজমিনে দেখা যায়, লংমার্চ ঘিরে সকাল থেকেই ভাঙ্গা পৌরসভার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে জড়ো হতে থাকেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। জামায়াতের আমিরকে স্বাগত জানাতে দলটির নারী কর্মীদেরও সড়কের পাশে অবস্থান করে।
লংমার্চে জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হকের অনুসারীদেরও অংশ নিতে দেখা যায়। তাঁদের উপস্থিতিতে লংমার্চে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের কর্মীদের অংশগ্রহণের চিত্র সামনে আসে।
১১ দলীয় ঐক্যজোটের এ লংমার্চে নেতৃত্ব দেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ভাঙ্গায় পথসভা ও শুভেচ্ছা বিনিময় শেষে বিপুলসংখ্যক নেতাকর্মী এবং কয়েক হাজার গাড়ির বহর নিয়ে খুলনা হয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করেন লংমার্চে অংশগ্রহণকারীরা।
আলোকিত প্রতিদিন /৩১ অক্টোবর /২০২৬/মওম

