ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের দুই দিন পর রোকেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বেগুন নারচী এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত রোকেয়া বেগম ওই গ্রামের মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক, মানসিক অসুস্থতা এবং পক্ষাঘাতগ্রস্ততায় ভুগছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে রোকেয়া বেগম বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করে বাড়ি ফিরে আসেন। এর কিছুক্ষণ পর কখন ও কীভাবে তিনি পুনরায় নদীতে নেমেছিলেন, সে বিষয়ে পরিবারের কেউ কিছু বলতে পারেননি। পরিবারের লোকজন তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গত ২৭ অক্টোবর তাঁর ছেলে মো. শাহাদাত হোসেন ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যুর মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

