বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবকে সামরিক সহায়তা প্রদানে অনুমোদনের জন্য পার্লামেন্ট বারবার লিখিতভাবে অনুরোধ জানিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। সেই অনুরোধ বিল আকারে গতকাল পার্লামেন্টে তোলার পর অধিকাংশ এমপি সেটির পক্ষে ভোট দেন।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবকে সামরিক সহায়তা প্রদানের এই অনুরোধ জানিয়েছিলেন প্রেসিডেন্ট সিসি। এই সহায়তার মধ্যে সেনা মোতায়েনের মতো বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়ে। মঙ্গলবার পার্লামেন্টে এ বিলটির ওপর ঘণ্টাব্যপী রুদ্ধদ্বার আলোচনা শেষে এটির ওপর ভোটাভুটি হয়।
পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়েছে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হওয়া এই অনুমোদনের ফলে প্রেসিডেন্ট সিসি এখন সৌদি আরবের ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং পবিত্র স্থানগুলো রক্ষার জন্য দেশটির সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।
আরও বলা হয়েছে, আইনপ্রণেতারা আঞ্চলিক পরিস্থিতি এবং মিশর ও আরব জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্বতন্ত্র আইনপ্রণেতারা অংশ নেন।
গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মিশরের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের সভার সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। হুথি হামলা থেকে সৌদি আরবকে নিরাপদ রাখতে মিসর সুনির্দিষ্টভাবে কী কী পদক্ষেপ নেবে— সে সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি পার্লামেন্টের বিবৃতিতে। এমনকি মিশরীয় সেনা মোতায়েনের বিষয়টিও স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি।
২৫ অক্টোবর সোমবার প্রেসিডেন্ট সিসির অনুরোধে গত সপ্তাহে অনুষ্ঠিত দুটি বৈঠকের ধারাবাহিকতায়, পার্লামেন্ট স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে তৃতীয় রুদ্ধদ্বার অধিবেশনে আইনপ্রণেতারা আলোচনা চালিয়ে যান।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনি হুথি গোষ্ঠীর চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই অনুমোদন এল।
আলোকিত প্রতিদিন /২৭ অক্টোবর /২০২৬/মওম

