আলোকিত প্রতিবেদক:
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে ২৩৫৯ লিটারের বেশি বিদেশি মদ এবং বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার একটি সমন্বিত দল।
২৬ অক্টোবর সোমবার বিকেলে শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মদ এসব তথ্য জানিয়েছেন।
কাস্টমস গোয়েন্দা জানায়, গতকাল রাতে গুলশানের রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে প্রতিষ্ঠানটির গোপন গোডাউন থেকে ২৩৫৯ লিটার দেশি-বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মদের মধ্যে রয়েছে ভ্যাট-৬৯, শিভাস রিগাল, ব্ল্যাক লেবেল, রেড লেবেল, জ্যাক ড্যানিয়েলস, গোল্ড লেবেল, কর্ডন ব্লু, জিন ও ভদকাসহ বিভিন্ন ব্র্যান্ডের পানীয়। বিয়ারের মধ্যে রয়েছে হান্টার এবং হাইনেকেন ব্র্যান্ডের পণ্য।
অভিযানের সময় মদের আমদানি কিংবা স্থানীয়ভাবে ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। তবে জব্দ করা পণ্যের আমদানি, শুল্ক পরিশোধ ও ক্রয়সংক্রান্ত নথি যাচাইয়ের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থা অংশ নেয়। যার মধ্যে রয়েছে -আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ), ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি), সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) সহযোগিতা করে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কাস্টমস, ভ্যাট ও আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অভিযানকালে মানিলন্ডারিং সংশ্লিষ্ট অপরাধ পেলে তাও খতিয়ে দেখা হবে।
আলোকিত প্রতিদিন /২৬ অক্টোবর /২০২৬/মওম

