বিনোদন: দুর্গাপূজার বিদায়ের দিনে উৎসবের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীতে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি।
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপে অন্যদের সঙ্গে ভাগ করে নেন শারদীয় উৎসবের আনন্দ। বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলার আয়োজনে মেতে ওঠেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবমুখর পরিবেশ।
সেখানেই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাওনকে। উৎসবে অংশ নেওয়ার কারণ জানিয়ে শাওন আরও বলেন, ‘আমরা বন্ধু ঈদে দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি আমি।
সিঁদুর খেলার সময় একে অপরের কপালে সিঁদুর ও আবিরের রং ছড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা। তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গার বিদায়ের বিষাদও ছুঁয়ে যায় উপস্থিত ভক্তদের।
শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

