আনোয়ার হোসেন মন্জু জুড়ী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর জন্য প্রদত্ত উপহার সংশ্লিষ্ট কমিটির কাছে হস্তান্তর নিশ্চিত করেন।
বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য মিঠু পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।
পরিদর্শনকালে সংসদ সদস্য চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন মন্দিরের বিদ্যমান সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়েও খোঁজখবর নেন।
তিনি পূজা উদযাপন কমিটি ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ মন্দিরের সমস্যা এবং প্রয়োজনীয় উন্নয়নকাজের তালিকা প্রস্তুত করে তাঁর কাছে জমা দেওয়ার আহ্বান জানান। মন্দিরগুলোর সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানেরও প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
তারিখ: মঙ্গলবার ২১ অক্টোবর, ২০২৬ খ্রী:
স্থানঃ আতিয়াবাগ চা বাগান, ২নং পূর্ব জুড়ী ইউনিয়নের আতিয়াবাগ চাবাগানের পুজা মান্ডব।
আলোকিত প্রতিদিন/এপি

