বিনোদন ডেস্ক:
তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ মানুষের মতোই, তার প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী কাজল।
দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতেই হাত মুছতে দেখা গেছে তাকে। মুহূর্তটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।
ভিডিওটিতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে গল্পে মেতে উঠেছিলেন কাজল। খাওয়া শেষে শাড়িতে হাত মুছে নেন তিনি। আর সেই দৃশ্যই ধরা পড়ে ভিডিওতে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও কাজলের এই সহজ-স্বাভাবিক আচরণ ভক্তদের নজর কেড়েছে।
বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম নিলেও বড় হওয়াটা তার মুম্বাইয়ে। তার এই ভিডিওতে এই কাণ্ডের মাধ্যমে বাঙালিয়ানার ছাপ পেলেন নেটিজেনরা।
এমনিতেও মুম্বাইয়ে এই মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনজুড়েই থাকে বাঙালিয়ানার ছোঁয়া। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজেও তার প্রতিফলন দেখা যায়।
সামাজিক মাধ্যমে কাজলের এই ভিডিও দেখে অনেকে তাকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘এটা তো আমিও করি।’
আলোকিত প্রতিদিন /২০ অক্টোবর /২০২৬/মওম

