আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। বার্তাসংস্থা এএফপির সাংবাদিক দুটি বিকট বিস্ফোরণের তথ্য জানিয়েছেন।
পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল রিয়াদের আকাশে প্রতিহত এবং ভূপাতিত করা হয়েছে।
ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ তাইজে গতকাল সোমবার ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪টি হামলা চালিয়ে হুথিদের কয়েকটি ঘাঁটি দখল করেছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৫৮ জন হুথি যোদ্ধা।
এছাড়া সোমবারের এসব অভিযানে হুথি গোষ্ঠীর ১৩৫টি সামরিক যানবাহনও ধ্বংস হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
এক্সবার্তায় আল-নুজাইলি বলেন, “যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার এবং স্নাইপার ইউনিট ব্যবহারের মাধ্যমে পরিচালিত এসব হামলায় হুথিদের আক্রমণ চালানোর অবস্থান ও রসদ সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করেছে।”
“এছাড়া দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশে সরকারি বাহিনী হুথিদের অবস্থানের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে। এর ফলে হুথিদের চলাচল সীমিত হয়ে পড়েছে এবং তারা পুনরায় সংগঠিত হওয়া বা নতুন করে শক্তি মোতায়েন করার সুযোগ পাচ্ছে না।”
মুখপাত্র আরও জানান, পশ্চিম উপকূল এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর কাছে সরকারি বাহিনী হুথিদের অগ্রযাত্রা প্রতিহত করেছে। পাশাপাশি তারা হুথিদের জমায়েতস্থল এবং আক্রমণ চালানোর অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
“সাম্প্রতিক এই অভিযানে হুথি বাহিনীর মাঠপর্যায়ের কমান্ডারসহ মোট ৫৫৮ জন হুথি যোদ্ধা নিষ্ক্রিয় হয়েছে।”
সূত্র: এএফপি
আলোকিত প্রতিদিন /২০ অক্টোবর /২০২৬/মওম

