আজ , ।   

বাংলাদেশের মতো সরকার পরিবর্তন করতে চায় কংগ্রেস, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর দাবি

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক: 

ভারতের বিরোধী দল কংগ্রেস এবং তাদের মিত্ররা বিক্ষোভের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশে সরকার পরিবর্তনের মতো পরিস্থিতি ভারতে তৈরি করতে চায় বিরোধীরা।

শুক্রবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাজনাথ সিং। নির্বাচনি সংস্কার এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) কার্যক্রমের অজুহাতে বিরোধীরা তরুণদের রাজনৈতিক সংঘাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজনাথ সিং বলেন, দেশের তরুণদের বিশৃঙ্খল রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। কেউ কেউ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার আদলে সরকার পরিবর্তন করতে চায়। তারা প্রকাশ্যেই স্বীকার করছে, বাংলাদেশের পরিস্থিতি থেকে অনুপ্রেরণা নিয়েছে।

তিনি আরও বলেন, এতে স্পষ্ট, তাদের একমাত্র লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা এবং দেশে আগুন জ্বালিয়ে দেওয়া। তাদের লড়াই নির্বাচনি সংস্কারের জন্য নয়, এসআইআর বা জ্ঞানেশ কুমারের বিষয়েও নয়। দেশের তরুণদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যও নয়; বরং দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র।

সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া

আলোকিত প্রতিদিন /১৬ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -